চিলি: খনি শ্রমিকদের কাছাকাছি পৌঁছে গেছে উদ্ধারকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধারকারী দল চিলির আটকে পড়া খনি শ্রমিকদের কাছে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করেছেন দেশটির খনিজমন্ত্রী লরেন্স গোলবর্ন ।খনিজমন্ত্রী বলেছেন, ‘আমরা চূড়ান্ত পদক্ষেপের কাছাকাছি চলে এসেছি। তবে মূল উদ্ধারকাজ শুরু হতে আরও তিন থেকে আট দিন সময় লেগে যেতে পারে।’এ উদ্ধার কাজে অংশ নেওয়া প্রকৌশলীরা বলেছেন, আর মাত্র ৩৪ মিটার এগিয়ে গেলেই খনির শ্রমিকেরা যে জায়গায় আটকে আছেন সেখানে পৌঁছানো যাবে। গত ৫ আগস্ট দুর্ঘটনাবশত চিলির সান জোস খনির একটি অংশ ধসে পড়ে। এতে ভূপৃষ্ঠ থেকে ৭০০ মিটার গভীরে ৩৩ জন শ্রমিক আটকা পড়েন। এত দিন ধরে তাঁরা সেখানেই আটকে রয়েছেন।আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজে সুড়ঙ্গ খননের কাজ তদারকি করা প্রকৌশলী আন্দ্রে সুগারেট বলেন, ‘উদ্ধার অভিযানের চূড়ান্ত অংশ খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। এ কাজে এখনো বিপদ আছে। আমাদের শক্ত পাথর ভাঙতে হবে। এ সময় খনির অভ্যন্তরে আটকে থাকা শ্রমিকদের কেউ আহত হতে পারেন। তাই আমাদের উচিত আটকে পড়া শ্রমিকেরা যাতে বিপদগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করতে খনির অভ্যন্তরে একটি ক্যামেরা পাঠানো।’ তিনি আরও বলেন, আটকে পড়া শ্রমিকদের ওপরে তুলে আনতে তিন থেকে আট দিন সময় লেগে যেতে পারে।এ উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারের জন্য যা যা দরকার তার সবই এখানে আছে। খুব সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।—বিবিসি