চিলি: তিন খনিশ্রমিক হাসপাতাল ছেড়েছেন
চিলিতে উদ্ধার হওয়া ৩৩ জন খনিশ্রমিকের মধ্যে তিনজন আজ শুক্রবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। তবে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। কড়া নিরাপত্তার মধ্যে তাঁরা একটি সাদা গাড়িতে চড়ে হাসপাতাল ত্যাগ করেন।চিলির কোপিয়াপো হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, খনি থেকে বের হয়ে আসা সব শ্রমিক ভালোই আছেন এবং তাঁদের মধ্যে অনেকেই আজ বাড়ি ফিরতে পারবেন।এর আগে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ওই হাসপাতালে খনিশ্রমিকদের দেখতে যান এবং চিলিতে অমানবিক কাজের পরিবেশ দূর করার প্রতিশ্রুতি দেন। কোপিয়াপো হাসপাতালের মেডিকেল উপপরিচালক জর্জ মনটেস বলেন, যে তিনজন হাসপাতাল ত্যাগ করেছেন, তাঁরা স্বাভাবিক কাজ করতে পারবেন। কিন্তু সূর্যের আলোতে বের হলে তাঁদের রোদচশমা ব্যবহার করতে হবে। তবে জর্জ মনটেস বলেন, ‘অনেক সময় আমরা শ্রমিকদের মানসিক অবস্থা অনুধাবন করতে পারিনি।’ খনি থেকে উদ্ধার করার পর ৩৩ জন শ্রমিককে চিলির কোপিয়াপো হাসপাতালে রাখা হয়। তখন চিকিত্সকদের পক্ষ থেকে খনিশ্রমিকদের বলা হয়েছিল, তাঁদের কমপক্ষে ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু তাঁদের ব্যাপারে যতটা আশঙ্কা করা হয়েছিল, তার চেয়ে তাঁদের শারীরিক অবস্থা অনেকটাই ভালো হওয়ায় অনেকেই ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল ত্যাগ করতে পারবেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গত ৫ আগস্ট চিলির উত্তরাঞ্চলীয় মরু এলাকার কপিয়াপোতের সোনা ও রুপার খনির একটি সুড়ঙ্গপথ ধসে ৩৩ জন শ্রমিক খনির একেবারে নিচে আটকে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এ দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের সবাই নিহত হয়েছেন। পরে জানা যায়, খনির একেবারে নিচে আটকে পড়া শ্রমিকদের সবাই বেঁচে আছেন। গত দুই মাস ধরে একটি পাইপের সাহায্যে ওপর থেকে খনির নিচে থাকা শ্রমিকদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী, পানি ও অন্য জীবনধারণের উপাদান সরবরাহ করা হয়। এভাবেই ৬৯ দিন ধরে পৃথিবীর আলো-বাতাস থেকে দূরে, খনির গহিনে দুই হাজার ৫০ ফুট নিচে আটকে ছিলেন এই ৩৩ জন শ্রমিক। গত কয়েক দিনের প্রাণান্তকর পরীক্ষা-নিরীক্ষার পর খনিশ্রমিকদের উদ্ধারের জন্য ক্যাপসুল-পদ্ধতি বের করা হয়। এই ক্যাপসুল হচ্ছে একটি লোহার খাঁচা, যে খাঁচাটি খনির একেবারে নিচে নামিয়ে শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। এ পদ্ধতি চূড়ান্ত হওয়ার পরও বারবার পরীক্ষা করে উদ্ধারের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর পরই গত বুধবার খুব ভোরের দিকে সবার আগে ফ্লোরেনসিও আভালোসকে খনির গভীর থেকে ওপরে তুলে আনা হয়। এর সঙ্গে সঙ্গে খনি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আভালোসকে তাঁর পরিবারের সদস্যরা এবং চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাও জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে এবং ‘চিলি’ ‘চিলি’ বলে জাতীয়তাবাদী স্লোগান দিতে থাকে। এরপর একে একে উদ্ধার করা হয় অপর ৩২ জনকে।সর্বশেষ গতকাল বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০০৫৫টায় ৫৪ বছর বয়সী লুইস উরজুয়াকে উদ্ধার করার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে এ শ্বাসরুদ্ধকর অভিযানের।—বিবিসি