চিলি: হাসপাতাল ছেড়েছেন আরও ২৮ খনিশ্রমিক
চিলিতে উদ্ধার হওয়া ৩৩ জন খনিশ্রমিকের মধ্যে আরও ২৮ জন হাসপাতাল ছেড়েছেন বলে দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে তাঁদের হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রে বেশ গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৩১ জন খনিশ্রমিক হাসপাতাল ত্যাগ করলেন।এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় তিনজন শ্রমিক হাসপাতাল ত্যাগ করেন। তখন ফলাও করে গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। তবে পরে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যদের হাসপাতাল ত্যাগের খবরটি গণমাধ্যমকে জানানো হবে না।চিলির আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান পাওলা নিউম্যান বলেছেন, খনিশ্রমিক ও তাঁদের পরিবারের নিরাপত্তার স্বার্থেই হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়ার বিষয়টি প্রকাশ করা হয়নি।এর আগে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ওই হাসপাতালে খনিশ্রমিকদের দেখতে যান এবং চিলিতে অমানবিক কাজের পরিবেশ দূর করার প্রতিশ্রুতি দেন। খনি থেকে উদ্ধার করার পর ৩৩ জন শ্রমিককে চিলির কোপিয়াপো হাসপাতালে রাখা হয়। তখন চিকিৎসকদের পক্ষ থেকে খনিশ্রমিকদের বলা হয়েছিল, তাঁদের কমপক্ষে ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। গত ৫ আগস্ট চিলির উত্তরাঞ্চলীয় মরু এলাকার কপিয়াপোতের সোনা ও রুপার খনির একটি সুড়ঙ্গপথ ধসে ৩৩ জন শ্রমিক খনির নিচে আটকে পড়েন। এভাবেই ৬৯ দিন ধরে পৃথিবীর আলো-বাতাস থেকে দূরে, খনির গহিনে দুই হাজার ৫০ ফুট নিচে আটকে ছিলেন এ শ্রমিকেরা।গত কয়েক দিনের প্রাণান্তকর পরীক্ষা-নিরীক্ষার পর খনিশ্রমিকদের উদ্ধারের জন্য ক্যাপসুল-পদ্ধতি বের করা হয়। এর পরই গত বুধবার খুব ভোরের দিকে সবার আগে ফ্লোরেনসিও আভালোসকে খনির গভীর থেকে ওপরে তুলে আনা হয়। এর সঙ্গে সঙ্গে খনি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর একে একে উদ্ধার করা হয় বাকি শ্রমিকদের।—বিবিসি