চিলিতে আটকেপড়া খনিশ্রমিকেরা স্বজনদের সঙ্গে কথা বললেন
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে মাটির নিচে আটকে থাকা চিলির খনিশ্রমিকরা প্রথমবারের মতো আজ সোমবার তাঁদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিশেষ একটি টেলিফোনের মাধ্যমে খনিতে আটকেপড়া প্রত্যেকে তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন।এর আগে খনিতে আটকেপড়া শ্রমিকেরা স্বজনদের সঙ্গে শুধু চিঠিতে যোগাযোগ করেছেন। তবে এই প্রথমবারের মতো তাঁরা টেলিফোনে যোগাযোগ করলেন।৫ আগস্ট থেকে ৩৩ জনেরও বেশি শ্রমিক খনিতে আটকা পড়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের উদ্ধারের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। আজ সোমবার থেকে শ্রমিকদের উদ্ধারের জন্য খনিতে খননকাজ শুরু করার কথা। খননকাজ শেষ হতে আরও ৯০ থেকে ১২০ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। খনিমন্ত্রী লরেন্স গোল্ডবর্ন বলেন, খনিশ্রমিকদের উদ্ধার করতে তিন থেকে চার মাস সময় লাগবে।চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইম মানালিচ বলেছেন, আটকেপড়া শ্রমিকদের মনোবল দৃঢ় করতেই টেলিফোনে তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলার বন্দোবস্ত করা হয়েছে। মনোবিজ্ঞানীরা শ্রমিকদের স্বজনদের কথা বলার সময় আবেগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন।আটকেপড়া একজন খনিশ্রমিক রাউলের স্ত্রী কারোলা নারভেজ বলেছেন, তিনি তাঁর স্বামীর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তিনি স্বামীকে মানসিকভাবে দৃঢ় থাকার জন্য উৎসাহ দিয়েছেন। এদিকে আটকেপড়া শ্রমিকদের অনেকেই চর্মরোগে আক্রান্ত হয়েছেন। মাটির নিচের আর্দ্রতার জন্য তাঁদের মধ্যে চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেককেই ঘুমানোর জন্য মাদুর দেওয়া হয়েছে। শ্রমিকদের গান শোনানোর ব্যবস্থাও করা হয়েছে।এর আগে মি. মানালিচ গত শুক্রবার বলেন, আটকেপড়া খনিশ্রমিকদের মধ্যে পাঁচজন হতাশায় ভুগছেন। মনোবিজ্ঞানীরা তাঁদের মানসিক অবসাদ কাটানোর চেষ্টা করছেন।২২ আগস্ট খনিশ্রমিকদের খোঁজ পাওয়া যায়। এরও কয়েক সপ্তাহ আগে খনিধসের ঘটনা ঘটে।এর আগে গত বৃহস্পতিবার খনিতে আটকেপড়া এক শ্রমিক তাঁদের দিনযাপনের চিত্র চিলির টিভিতে সম্প্রচার করেন। খনিতে আটকেপড়া শ্রমিকদের কয়েকজন স্বজন সরকারি কর্মকর্তা ও খনির মালিকদের বিরুদ্ধে মামলা করেছেন। একটি দুর্ঘটনার পর ২০০৮ সালে খনিটি আবারও চালু করা হয়।