চিলিতে আটকেপড়া ৩৩ খনিশ্রমিকদের উদ্ধারে কয়েক মাস লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে খনির অভ্যন্তরে আটকেপড়া ৩৩ জন শ্রমিককে উদ্ধার করতে কয়েক মাস সময় লাগবে বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জেমি ম্যানালিচ জানান, ৫ আগস্ট আটকেপড়া শ্রমিকেরা সংবাদটি শান্তভাবে গ্রহণ করেছেন। ওই শ্রমিকেরা ভূপৃষ্ঠ থেকে ৭০০ মিটার গভীরে আটকা পড়েছেন। খবর বিবিসি অনলাইনের।কর্মকর্তারা জানান, আটকেপড়া শ্রমিকদের মানসিক অবস্থা বিবেচনা করে উদ্ধার করার বিষয়টি একটু দেরিতে জানানো হয়েছে। এই দীর্ঘ সময় অবস্থানকালে সেখানে বিশেষ বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের জন্য ২৬ ইঞ্চি প্রশস্ত কূপ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে অন্তত চার মাস সময় লাগবে।ম্যানালিচ বলেন, ‘আমরা তাঁদের জানাতে পেরেছি যে আগামী ১৮ সেপ্টেম্বর চিলির স্বাধীনতা দিবস থেকে ২৫ ডিসেম্বর বড় দিনের মধ্যে তাঁদের উদ্ধার করা হবে।’ তিনি জানান, যদিও সংবাদটি তাঁরা শান্তভাবে গ্রহণ করেছেন। কিন্তু আসলে সময়টি তাঁদের জন্য বেশ বিষাদময়। এ সময় তাঁদের মানসিক যন্ত্রণা সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। খনিশ্রমিকেরা স্বাধীনতা দিবসের আগে তাঁদের উদ্ধারের দাবি জানান।চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার কাছে ‘জাহান্নাম’ থেকে মুক্ত করার দাবি জানান আটকেপড়া শ্রমিকদের একজন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট তাঁদের খ্রিস্টমাস ডের মধ্যে উদ্ধারের ব্যাপারে আশ্বস্ত করেন।