চিলিতে ছয় দশমিক আট তীব্রতার ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার ছয় দশমিক আট তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে বিবিসির খবরে তাত্ক্ষণিক হতাহতের কোনো সংবাদ মেলেনি।গতকাল ভূমিকম্প আতঙ্কে হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। অনেকে সুনামির আশঙ্কায় উঁচু জায়গায় আশ্রয় নেয়। তবে সরকার ভূমিকম্পের পর পরই জানায় যে এতে সুনামির কোনো ঝুঁকি নেই। তবে কিছু এলাকায় বিদ্যুত্ ও টেলিফোন সংযোগ ব্যাহত হয়।চিলির কর্মকর্তারা জানান, গ্রিনিচ মান সময় ২০টা পাঁচ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল কনসেপসিয়ন শহরের ৪৫ কিলোমিটার উত্তরে প্রশান্ত মহাসাগরের তলদেশে। চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ভূমিকম্পের আগে ও পরে করণীয়তে দ্রুত সাড়া দেওয়ায় তিনি সরকার ও দেশবাসীর প্রশংসা করেন। পিনেরা বলেন, ‘আজ আমাদের প্রস্তুতি খুবই ভালো। আমি মনে করি, আমরা গত বছরের ২৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ভূমিকম্প ও সুনামি থেকে শিক্ষা নিতে পেরেছি।’ গত বছরের ফেব্রুয়ারিতে চিলির একই অঞ্চলে আট দশমিক আট তীব্রতার ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে অন্তত ৫২১ জন নিহত ও দুই লাখ মানুষ গৃহহীন হয়েছিল।