চিলির খনি থেকে আট শ্রমিক উদ্ধার, অভিযান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির খনিতে আটকে পড়া ৩৩ জন শ্রমিকের মধ্যে এ পর্যন্ত ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবর বিবিসি অনলাইন।উদ্ধারকারীরা আজ বুধবার খুব ভোরের দিকে সবার আগে ফ্লোরেনসিও আভালোসকে ওপরে তুলে আনেন। এর সঙ্গে সঙ্গে খনি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আভালোসকে তাঁর পরিবারের সদস্যরা এবং চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনোরাও জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়েন এবং ‘চিলি’ ‘চিলি’ বলে জাতীয়তাবাদী স্লোগান দিতে থাকেন। এরপর একে একে উদ্ধার করা হয় অপর সাতজনকে। খনির নিচে আটকে থাকা অন্য শ্রমিকদের উদ্ধার করতে ৪০ ঘণ্টার মতো সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া খনিশ্রমিকেরা দীর্ঘ ৬৯ দিন ভূমি থেকে দুই হাজার ৫০ ফুট নিচে আটকা ছিলেন।প্রেসিডেন্ট পিনেরা বলেন, ‘আজকের দিনটি চিলির ইতিহাসের অন্যতম আনন্দঘন দিন। আমি নিশ্চিত, এই আনন্দ চিলির প্রতিটি ঘরে পৌঁছে গেছে। সবার চোখে আজ আনন্দাশ্রু।’ তিনি আরও বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম, আটকে পড়া প্রত্যেক খনিশ্রমিককেই আমরা উদ্ধার করব, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষার পথে অনেক দূর এগিয়ে গিয়েছি।’গত কয়েক দিনের প্রাণান্তকর পরীক্ষা-নিরীক্ষার পর খনিশ্রমিকদের উদ্ধারের জন্য ক্যাপসুল-পদ্ধতি বের করা হয়। এই ক্যাপসুল হচ্ছে একটি লোহার খাঁচা, যে খাঁচাটি খনির একেবারে নিচে নামিয়ে শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। এ পদ্ধতি চূড়ান্ত হওয়ার পরও বারবার পরীক্ষা করে উদ্ধারের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর পরই দুজন শ্রমিককে উদ্ধার করা হয়।গত ৫ আগস্ট চিলির উত্তরাঞ্চলীয় মরু এলাকায় অবস্থিত কপিয়াপোতে অবস্থিত সোনা ও কপারের খনির একটি সুড়ঙ্গপথ ধসে ৩৩ জন শ্রমিক খনির একেবারে নিচে আটকে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এ দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের সবাই নিহত হয়েছেন। পরে জানা যায়, খনির একেবারে নিচে আটকে পড়া শ্রমিকদের সবাই বেঁচে আছেন। গত দুই মাস ধরে একটি পাইপের সাহায্যে ওপর থেকে খনির নিচে থাকা শ্রমিকদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী, পানি ও অন্যান্য জীবনধারণের উপাদান সরবরাহ করা হয়। এভাবেই তাঁরা আলো-বাতাসহীন স্যাঁতসেঁতে খনির অভ্যন্তরে বেঁচে ছিলেন সম্পূর্ণ সুস্থভাবে। পৃথিবীর ইতিহাসে কোনো খনি দুর্ঘটনার পর খনির একেবারে নিচে আটকে পড়ে দীর্ঘদিন বেঁচে থাকার রেকর্ড ভঙ্গকারী ঘটনা এটি।