চিলির খনি থেকে সবচেয়ে বয়স্ক খনি শ্রমিক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির খনিতে আটকে পড়া ৩৩ জন শ্রমিকের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই ১৩ জনের মধ্যে একজন হচ্ছেন আটকে পড়া শ্রমিকদের মধ্যে সবচেয়ে বয়স্ক। ৬৩ বছর বয়স্ক এই খনিশ্রমিকের নাম মারিও গোমেজ। তিনি খনিশ্রমিকদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। গোমেজ ১২ বছর বয়সে প্রথম খনির কাজে যোগ দেন। খবর এপি।আজ খনি থেকে ওপরে উঠে আসার পর গোমেজ চিলির জাতীয় পতাকা জড়িয়ে ধরে হাঁটু ভেঙে প্রার্থনা করেন। এ সময় তাঁর স্ত্রী লিলিয়ানেটি রামিরেজ তাঁকে জড়িয়ে ধরেন। গোমেজ ফুসফুসের রোগে ভুগছেন। এটি খনিশ্রমিকদের সাধারণ একটি অসুখ। তিনি এ জন্য অ্যান্টিবায়েটিক এবং অন্যান্য ওষুধ খাচ্ছেন। গত ৫ আগস্ট চিলির উত্তরাঞ্চলীয় মরু এলাকায় অবস্থিত কপিয়াপোতে অবস্থিত সোনা ও কপারের খনির একটি সুড়ঙ্গপথ ধসে ৩৩ জন শ্রমিক খনির একেবারে নিচে আটকা পড়েন।