চিলির খনি শ্রমিক উদ্ধার: চূড়ান্ত উদ্ধার অভিযান আজ রাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির খনিতে আটকেপড়া ৩৩ শ্রমিককে উদ্ধারের লক্ষ্যে আজ মঙ্গলবার মধ্যরাতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন চিলির খনিজসম্পদমন্ত্রী লরেন্স গোলবোর্ন। এ লক্ষ্যে লোহার তৈরি একটি ক্যাপসুল মাটির নিচে প্রায় ২ হাজার ৪০ ফুট নামিয়ে পরীক্ষা করা হয়েছে। এই ক্যাপসুলটি সফলভাবে মাটির নিচে নামানো ও ওঠানো সম্ভব হয়েছে বলে খনি শ্রমিকদের উদ্ধারের অভিযানে অংশ নেওয়া প্রকৌশলীরা জানিয়েছেন। খবর, বিবিসি অনলাইনের।এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ৩৩ খনি শ্রমিকের পরিবার তাঁদের স্বজনদের উদ্ধারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।শ্রমিকদের উদ্ধারের অভিযানে অংশ নেওয়া প্রকৌশলীরা জানিয়েছেন, লোহার তৈরি ক্যাপসুল খনির নিচে নামিয়ে কোনো কিছু টেনে তোলার মধ্যে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ক্যাপসুলটি লোহার তৈরি হওয়ার কারণে এর আঘাতে মাটির নিচের পাথর ভেঙে যেতে পারে বা মাটি সরে যেতে পারে। সে কারণে যে ক্যাপসুলটি দিয়ে খনি শ্রমিকদের উদ্ধার করা হবে, তা বারবার নিচে নামিয়ে পরীক্ষা করা হচ্ছে।তিনি আরও জানান, খনি শ্রমিকদের উদ্ধারের জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ১৬ জন সর্বোচ্চ পর্যায়ে প্রশিক্ষিত উদ্ধারকর্মীকে নিয়োগ করা হয়েছে।আজ মঙ্গলবার যেকোনো সময় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা খনি এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে। তিনি শ্রমিকদের উদ্ধারের মুহূর্তে উপস্থিত থাকবেন বলে চিলির সরকারি সূত্র নিশ্চিত করেছে।গত ৫ আগস্ট চিলির সান জোস খনির একটি সুড়ঙ্গ ধসে মাটির অনেক নিচে আটকা পড়েন ৩৩ শ্রমিক। গত দুই মাসের প্রাণান্তকর চেষ্টার পর তাঁদের উদ্ধারের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন উদ্ধারকারীরা।