পরিষ্কার জানিয়ে দিয়েছে জাকি ভাই, এটা একান্তই তার নিজস্ব ব্যাপার, কারও ব্যক্তিগত ব্যাপারে অফিস কিছু করে না।রাগে ধুপধাপ পা ফেলে বেরিয়ে এসেছিল ক্যাপ্টেন নিশা, এখন হতাশায় পা টেনে টেনে হাঁটছে, উদ্দেশ্যহীন।মন খুব খারাপ। জাকি ভাই একটু যেন বেশি অ্যাভয়েড করছে আজকাল।হঠাৎ ইচ্ছা হতে এক প্যাকেট সিগারেট কিনল, হেঁটে গিয়ে ঢুকল সামনের শপিং মলে। লিফটে চড়ে উঠল গিয়ে ওর অনেকগুলো প্রিয় জায়গার একটা, ফ্রেন্ডস রেস্টুরেন্টের বাইরের দিকে ছাদের খোলা জায়গাটায় বসে সামনের লেক দেখতে দেখতে একটা সিগারেট ধরাল।এপাশে নড়াচড়ার শব্দ পেল, ঘাড় ঘুরিয়ে দেখতে পেল কয়েকজন অল্প বয়সী ছেলে দূরের টেবিল থেকে উঠে বাইরে বেরিয়ে যাচ্ছে। দরজা পার হওয়ার সময় একজন ঘাড় ঘুরিয়ে নিশাকে দেখল এক ঝলক, অমনি শিরদাঁড়া সোজা হয়ে গেল নিশার, ছেলেটার কেমন চোর-চোর ভঙ্গি! ওকে দেখে চলে যাচ্ছে কেন, পালাচ্ছে নাকি?স্প্রিংয়ের মতো এক লাফে দাঁড়িয়ে গেল নিশা, হাতের সিগারেট অ্যাশট্রেতে চেপে লম্বা পা ফেলে ছুটে গেল ওই দিকে।লিফটের কাছে চলে গেছে ওরা এর মধ্যেই, লিফট কার এসে পড়েছে, ঢুকছে ওরা।পৌঁছে গেল নিশা, কিন্তু ততক্ষণে লিফটের দরজা বন্ধ হতে শুরু করেছে; বাটন চেপে ধরল, আবার খুলতে শুরু করল লিফট। নিজে না ঢুকে ওকেই বাইরে ডাকল বেশ একটু কর্কশ ভঙ্গিতে, সঙ্গে ওর বন্ধুরাও বেরিয়ে এল। চেহারায় ভয়, কিন্তু বন্ধুকে ছেড়ে যেতে পারছে না।রূঢ়ভাবে প্রশ্ন করতে শুরু করল নিশা, ‘বাপ্পি কোথায়?’ একদম আন্দাজে করা সোজাসাপ্টা প্রশ্নটা ওদের আমূল নাড়িয়ে দিল।‘আমি যায্ জানি না, সত্যি বলছি, আমরা কিছুই জানি না।’ একদম ভেঙে পড়া গলায় বলল ছেলেটা।‘জানো না? কী জানো না?’‘দেখুন, আপু’ এবার অন্য একটা ছেলে এগিয়ে এল, ‘বাপ্পি আমাদের বন্ধু, আমরা শুনেছি ওকে কারা যেন কিডন্যাপ করেছে, মানে এটা সবাই জানে...মানে ওর ব্যাপারটা..., ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে..., আসলে আমরা ওই ব্যাপারটাই আলাপ করছিলাম...’‘তাহলে আমাকে দেখে পালাচ্ছিলে কেন?’‘আপু’, এবার এগিয়ে এল আরেকজন, ‘আমরা জানি, আপনি বাপ্পির বড় বোন, তাই আপনার সামনে কী বলব ভেবে..., দাঁড়াতে সাহস পাচ্ছিলাম না।’ কণ্ঠস্বর এখনো বড়দের মতো ভারী হয়ে ওঠেনি কারও।আবার প্রথমজন কথা বলতে শুরু করল, ‘দেখুন, সত্যি বলতে কি, বাপ্পি ইদানীং আমাদের সাথে আর মিশত না, কোথায় যেত কী করত—আমরা কিছুই জানি না।’‘হ্যাঁ, পরীক্ষার আগে থেকেই। আমরা সবাই পেয়েছি এ-প্লাস, এই যে এ পেয়েছে গোল্ডেন ফাইভ, আর বাপ্পি সেখানে এত খারাপ করল। নিশ্চয় আঙ্কেলেরও মন খুব খারাপ, তাই আমরা সবাইকেই অ্যাভয়েড করছিলাম, ইন ফ্যাক্ট আমরাই দূরে দূরে থাকছিলাম।’ ‘বাপ্পির এই খবরটা কোথায় শুনেছ?’কাঁধ ঝাঁকাল সে, পাশ থেকে আরেকজন বলল, ‘সবাই জানে।’ একমাত্র এর গলাই বড়দের মতো। দেখতেও লাগে কিছুটা পরিণত।তার মানে ওরা ঘুরিয়ে-ফিরিয়ে এটাই বলতে চাচ্ছে যে বাপ্পি খারাপ হয়ে গিয়েছিল! কতটা খারাপ? ‘বাপ্পি কি ড্রাগ নিত?’কিন্তু চোখে প্রশ্ন নিয়ে এ-ওর মুখ চাওয়া-চাওয়ি করছে ওরা, দেখে মনে হয়, এই ব্যাপারটা ওরা জানে না।হঠাৎ একটা কথা ঝিলিক দিয়ে গেল মনে—নাকি বাপ্পি নিজেই কিডন্যাপ নাটক করছে ওর বাবার কাছ থেকে টাকাটা মারার জন্য! হুঁম, টাকার পরিমাণটা বড়ই কম, অস্বাভাবিক।ওদের প্রত্যেকের নাম এবং টেলিফোন নম্বর নোট করে নিল নিজের আইফোন সেটে, সবাইকে নিয়ে একটা গ্রুপ তৈরি করল, নাম দিল গ্রাপ্পি, মানে—গ্রুপ অব বাপ্পি।তারপর সবাইকে ছেড়ে নিজেই বেরিয়ে গেল ওই জায়গা থেকে।মায়ের দূর সম্পর্কের খালাতো ভাই মকবুল মামা হাসপাতালে। তার একমাত্র ছেলে, যে এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছিল, গত পরশু তার এইচএসসির রেজাল্ট বেরিয়েছে—পেয়েছে সি। সেদিন বিকেল থেকেই সে নেই। গতকাল সন্ধ্যায় কিডন্যাপার টাকা চেয়ে ফোন করে ঘটনাটা জানিয়েছে। শুনেই মামার হার্ট অ্যাটাক।নিশা হয়তো দেখে চিনতেও পারবে না, অথচ বাপ্পি তাকে ঠিকই চেনে, বন্ধুদের কাছে গর্ব করে বলেছে ও তার বোন এবং বড় হলে সে তার মতো হতে চায়।কিন্তু এখন আবার নিজেই কিডন্যাপ নাটক করছে বাবার কাছ থেকে টাকা আদায় করার জন্য!চোখ জ্বালা করছে। চারপাশে নজর বুলাল নিশা, মনটাকে সংহত করার জন্য একটু সময় দরকার।কোথাও কোনো সূত্র নেই। যেই নম্বর থেকে ফোন করেছিল টাকা চেয়ে, সেইটা একটা ভার্জিন নম্বর। সাধারণত ওই নম্বর থেকে আগে-পরে আর কোথায় ফোন করেছে সেই সূত্র ধরে কলারকে লোকেট করা হয়, এখানে সেই উপায় রাখেনি। শুধু অপারেটর থেকে এইটুকু তথ্য পাওয়া গেছে যে ওই কলটা করতে টঙ্গী এবং গাজীপুরের মাঝখানের কোনো এক জায়গার ট্রান্সমিশন টাওয়ার ব্যবহার করা হয়েছে। ব্যস, এইটুকুই। অথচ কলটা করে লোকটা হয়তো সেই জায়গা ছেড়ে বহু আগেই সরে গেছে। সেটাই স্বাভাবিক।তাহলে? আচ্ছা, জাকি ভাই হলে এখন কী করত?হঠাৎ দেখল সেই ছেলেরা ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। কী ভেবে দ্রুত সেই দিকে এগিয়ে গেল নিশা। ওদের ওপর ‘ভূতের কানপড়া’ পদ্ধতি কাজে লাগাবে বলে ঠিক করল। এটা হচ্ছে একটা ভয় দেখানো পদ্ধতি, তুমি সব বুঝে ফেলেছ—এমন ভাব দেখাও, বড়াই করে বলো যে—সূত্র পাওয়া গেছে, শিগগিরই তুমি সব কটাকে ধরে ফেলবে, চিন্তার কিছু নাই। এবং তখন কতটা নিষ্ঠুর তুমি হবে, সেটাও বয়ান করতে পারো। সেই সময় ওদের থেকে নতুন কিছু যদি নাও বের হয়, ওই কথাগুলো ‘ভূত থেকে ভূতে’ ছড়িয়ে যাবে, যেতে যেতে হয়তো জায়গামতোই পৌঁছাবে এবং কেউ হয়তো কোথাও একটা ভুল করবে; তুমি হয়তো সেটা দেখতে পাবে এবং সেই পথে এগিয়ে যাবে। অনেকগুলো ‘হয়তো’ থাকলেও প্রায়ই ভালো কাজ দেয় এই টোটকা ফর্মুলা।কিন্তু হঠাৎ একদম কিছু না ভেবেই সেই মোটা গলার ছেলেটাকে বলে বসল, ‘কাল টঙ্গী গিয়েছিলে কেন?’মুহূর্তের জন্য কনফিউজড হয়ে একটু দ্রুতই জবাব দিয়ে ফেলল সে, ‘আমি যাই নাই,’ বলেই কথা ঘোরাল যেন, ‘টঙ্গী যাব কেন, ওইখানে কী? ’সবই ঠিক আছে, একেবারেই সাদামাটা, কিন্তু ওই এক মুহূর্তেই চিলের চোখ কিছু একটা যেন দেখতে পেল।হঠাৎ করেই টানটান হয়ে গেল নিশার ঘাড়ের রগ। চেক করতে হবে।প্রায় দশ সেকেন্ড ভাবল নিশা, তারপর চেহারা একদম ঢিল করে দিল। এই প্রথম হাসল ওদের দিকে চেয়ে, পকেট থেকে ওয়ালেট বের করে এক হাজার টাকার একটা নোট বাড়িয়ে ধরল ওদের দিকে। মিষ্টি করে বলল, ‘স্যরি, এতক্ষণ কথা বলছি, অথচ...বুঝলে না, মাথা ঠিক নাই। নাও, ওইখান থেকে আইসক্রিম কেনো, তোমরা খাবে আমি দেখব। আসলে তোমরাও তো আমার ভাই, তাই না?’একটু ইতস্তত করলেও না নিয়ে পারল না ওরা, বরং খুশিই হলো পরিবেশটা হালকা হওয়াতে। ধন্যবাদ দিয়ে নিল টাকাটা, এগিয়ে গেল আইসক্রিমের কাউন্টারের দিকে।এবং নিশা পেয়ে গেল মহা মূল্যবান কিছুটা সময়।হঠাৎ পকেট থেকে ফোন বের করে যেন জরুরি কোনো কল এসেছে—এমনভাবে ভুয়া হুঁ-হাঁ করতে করতে দ্রুত ঘুরে ওদের চোখের আড়াল দিয়ে ভেতরে গিয়ে পেছন দিক দিয়ে বের হলো পার্কিংলটে, অফিসের দেওয়া বিশাল প্রাডোর দরজা খুলে ভেতরে বসল। একটু পরই বের হলো বোরকা পরা এক মহিলা হয়ে। সোজা এগিয়ে গেল শপিং মল থেকে বের হওয়ার মূল দরজার দিকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, এসে পড়ল ওরা, নিশাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল হাতের আইসক্রিম খেতে খেতে কথা বলতে বলতে। সেই ছেলেটা কাকে যেন ফোনে কিছু বলছে আর এদিক-ওদিক তাকাচ্ছে, হয়তো নিশা কোথাও আছে কি না দেখছে।একটু দূর থেকে শনির মতো ওদের পিছু নিল নিশা।ট্রাফিক জ্যাম এবং জনতার প্রচণ্ড ভিড়ের এই শহরে সবচেয়ে সহজ কাজ হচ্ছে কারও পিছু নেওয়া, ধরা পড়ার কোনো সুযোগই নেই। পাশাপাশি হাঁটলেও টের পাবে না। তবু ট্রেনিংয়ের প্রতিটা ধাপ অক্ষরে অক্ষরে পালন করল ক্যাপ্টেন নিশা।জিগাতলার শেষ মাথায় রায়েরবাজারের পশ্চিমে একটা কলোনিতে সীমানা বরাবর পাশাপাশি তিনটা গাড়ি রাখার পুরোনো পরিত্যক্ত গ্যারেজ, শাটারের মলিন জং ধরা অবস্থা দেখে ধারণা করা যায়—অন্তত বছর খানেক সেগুলো কেউ খোলেনি। পেছনে খালের মতো বড় ড্রেনের পাশে বিরাট কড়ইগাছের নিচে দরজাবিহীন একটা প্রাচীন ভাঙাচোরা টয়লেট, তার ভেতর দিকে দেয়ালের খসে পড়া ইটের ফাঁক দিয়ে ঢোকা যায় সেই গ্যারেজে। ভেতরে মাঝের কোনো দেয়াল নেই, সুন্দর করে ভেঙে নিয়েছে। কোত্থেকে চোরাই লাইন নিয়ে ইলেকট্রিক বাতি জ্বালিয়েছে, বাইরে থেকে বোঝা না যাওয়ার জন্য দরজার ওপর বড় ছালা টাঙানো।ছেলেদের পিছে পিছে একটু পরেই সেইখানে ঢুকে পড়ল ক্যাপ্টেন নিশা।ঠিক সিনেমার মতো মাঝখানে লোহার চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে সিগারেট খাচ্ছে এক লোক, পাশে সেই ছেলেগুলো, চমকে উঠে বোরকার দিকে চাইল সবাই। তারপর যেন কী করতে হবে তার নির্দেশের জন্য ঘুরে তাকাল আবার সেই পালের গোদার দিকে।কুকুরের মতো ঘেউ করে উঠল সে, ‘অই তুই কে রে? এখানে আসছস ক্যান? কার কাছে আসছস, কারে খুজস?’ নেহাত একজন বোরকা পরা মেয়ে বলেই হয়তো বাড়তি কোনো সাবধানতা দেখা গেল না ওদের মধ্যে। মাঝেমধ্যেই এই রকম অনেক নারীঘটিত বিচার-আচার করতে হয়, ভ্যাজাল!গোদার চেয়ারের পাশে একটা বেঞ্চে জড়োসড়ো হয়ে বসে আছে রোগা অসুস্থ চেহারার একটা ছেলে, ও-ই কি বাপ্পি?বোরকার ভেতর থেকে একটা হাত বের করে মুখের নেকাব সরাল নিশা। হঠাৎ অন্য সবার বিস্ময়ের শব্দকে ছাপিয়ে চিৎকার করে উঠল বাপ্পি, ‘আপু, জলদি পালাও, এরা তোমাকে মেরে ফেলবে!’বলে কী! নিজের নিরাপত্তার কথা না ভেবে বাপ্পি ‘তাকে’ সাবধান করছে? অর্থাৎ পাকেচক্রে পড়ে গেলেও ব্যাপারটা সে পছন্দ করছে না? তার মানে বাপ্পিকে কৌশলে বলির পাঁঠা বানিয়েছে?পালের গোদার কানে কানে কিছু বলল সেই বয়স্ক ছেলেটা। এক পাশে সরে গেল নিশা, এখন পেছনে দেয়াল, দরজাটাও প্রায় সামনে এবং সবাইকে দেখা যাচ্ছে, পরিষ্কার রেঞ্জের মধ্যে সবাই। অস্ত্রশস্ত্র যা-ই থাকুক, কেউ কিছু বের করতে গেলে দেখা যাবে সহজেই।নিশার দিকে চেয়ে হাসল গোদা, বলল, ‘ওওও, আপা আসছে? ভালো তো, তোমারে দিয়া অন্য কাজ আছে। দেখি, এই দিকে আসো। ডরায়ো না, আসো।’গেল নিশা, লক্ষ্মী মেয়ের মতো ওর দিকে এগিয়ে গেল। তারপর এক টানে বোরকাটা খুলে ফেলতেই অন্য হাতে দেখা গেল একটা কালো নাক বোঁচা পিস্তল, একদম অলক্ষ্মীর মতো চেহারা।পিস্তলটা নেড়েচেড়ে দেখে যেন সেটা আসল কি না পরীক্ষা করতেই হঠাৎ গোদার জুতার মাথা বরাবর তাক করে ধরল, চোখের পলকে ওর পায়ের চেয়ে বড় জুতার চোখা মাথাটা একদম টুটাফাটা হয়ে গেল।ক্যাঁও করে লাফিয়ে উঠল গোদা, ভয়ে চোখ বেরিয়ে আসছে।মোলায়েম স্বরে তার পাঁজরে পিস্তল ঠেকিয়ে বলল নিশা, ‘হ্যাঁ, বলো, কী যেন কাজ আছে আমার সাথে? ’আর্তনাদ করে উঠে তড়বড় করে আবোল-তাবোল বলতে শুরু করল গোদা, ‘আরে বাপ্পি তো আমাগো বন্ধু, ফ্রেন্ড সার্কেলের মইদ্দে জোক কইরা ফান করতেসিলাম...এইটা তো সিরিয়াস কিছু না...’‘কিন্তু আমি সিরিয়াস। টাকা নেবে না? চলো, এক্ষণ দিয়ে দিচ্ছি।’এবার একদম ভেঙে পড়ে মাটিতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদেকেটে অনেক কথা বলল সেই লোক, বেশির ভাগই বোঝা গেল না, কিছুটা ক্ষমা ভিক্ষা চাওয়া এবং কিছুটা নিশা ‘আপা’ এই ‘তুচ্ছ’ ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছে না কেন—তার অনুযোগ বলে মনে হলো।যা হোক, এখন আর ঝামেলা হবে না, বাকিটা পুলিশই সামলাক।সবাইকে দুই হাত সামনের দিকে লম্বা করে দিয়ে মাটিতে উপুড় হয়ে পাশাপাশি শুয়ে পড়তে নির্দেশ দিল নিশা।এবার..., পুলিশকে ডাকার জন্য বলতে অফিসে একটা ফোন করা যায়।আসলে মনে মনে প্রত্যাশা—কখন শুনবে, ‘ওয়েল ডান নিশা!’