মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার
চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের দাবি মুক্তিযোদ্ধা সংসদের
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধীদের বিচার শুরুর আগেই তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতারা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীনের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তাঁরা এ দাবি জানান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব পরে সাংবাদিকদের বলেন, প্রধান তদন্তকারী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাঁরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চিহ্নিত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কেন তাঁদেরকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের লোকজন বিভিন্ন জায়গায় বিঘ্ন সৃষ্টি করছে, সংঘাতে জড়িয়ে পড়ছে। এসব বন্ধ করতেই চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা প্রয়োজন।এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতারা শিল্পকলা একাডেমীর সামনে চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন।