চিহ্নিতদের বিচার বিশ্বাসযোগ্য হবে না (ভিডিও)
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, শুধু চিহ্নিত কিছু বিরোধী নেতার বিচার করলে জনগণ বিশ্বাস করবে না। এতে জাতীয় ঐক্য হবে না। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তরিকুল এসব কথা বলেন।মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তরিকুল ইসলাম বলেন, বিএনপি অবশ্যই মানবতাবিরোধী অপরাধের বিচার চায়। তবে তা হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন, নিরপেক্ষ এবং এতে স্বচ্ছতা থাকতে হবে। কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের বিচার জনগণ মেনে নেবে না। বিএনপির এই সমন্বয়ক বলেন, স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হয়েছে। স্বাধীনতা-উত্তরকালেও হয়েছে। এখনো হচ্ছে। তিনি এসব অপরাধের বিচার করার দাবি জানিয়ে বলেন, ‘আসুন, সবাই মিলে পাপ মোচন করি।’ পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তরিকুল বলেন, ‘এই বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই এটা কাজে হোক। পুলিশকে অঙ্গসংগঠন হিসেবে ব্যবহার করা হবে না।’ তরিকুল অভিযোগ করেন, পুলিশের কর্মকর্তা হারুন বিরোধীদলীয় চিফ হুইপকে জনসম্মুখে নির্যাতন করেছেন। তাঁকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বিশেষ একটি জেলার পুলিশ কর্মকর্তারা অত্যধিক ক্ষমতাধর। তাঁরা যা খুশি তা করছেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তরিকুল বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। পাকিস্তানিরাও ষড়যন্ত্র করেছিল, কোনো লাভ হয়নি।