চিড়িয়াখানার জমি দখল করে বস্তি ও মাদকের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় ঢাকা চিড়িয়াখানার দুই একর জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে। চিড়িয়াখানার লেকের দক্ষিণ দিকের এই জমিতে বস্তি গড়ে তোলা হয়েছে। চলছে মাদক ব্যবসা। ২০০৮ সালের ১৫ মে এসব বস্তি উচ্ছেদের দিন ধার্য থাকলেও পুলিশ না পাওয়ায় ওই অভিযান আর হয়নি বলে জানা গেছে।সূত্র জানায়, ১৯৬৪ সালে ঢাকা চিড়িয়াখানার জন্য ভূমি অধিগ্রহণ করা হয় এবং এরপর চিড়িয়াখানা যাত্রা শুরু করে। ১৯৭৭ সালে চিড়িয়াখানা লেকের দক্ষিণে বিশিল মৌজায় গুদারাঘাট লালমাঠ বস্তি (মিরপুর ১ নম্বর সেকশনের এইচ ব্লক) এলাকায় চিড়িয়াখানার কর্মচারীদের আবাসনের জন্য দুই একর জমি অধিগ্রহণ করা হয়। ওই বছরই ক্ষতিপূরণের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলে চিড়িয়াখানার সম্পত্তি বিভাগের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে। সে সময় জায়গাটি খালি থাকলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল। তহবিল না পাওয়ায় সেখানে আর কোয়ার্টার নির্মাণ করা যায়নি। এরপর স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের মদদে জমি বেদখল হতে থাকে। দখলদারেরা বস্তিঘর তুলে ভাড়া দেয়। ধীরে ধীরে সেই বস্তি মাদকের আখড়ায় পরিণত হয়।অবৈধ দখল ধরে রাখতে মুক্তার হোসেন, মানেক্কা বেগম ও আনোয়ারা বেগম নিজেদের মালিক দাবি করে মুখ্য মহানগর হাকিম ও জেলা জজ আদালতে মামলা করেছিলেন। দীর্ঘদিন চলার পর ২০০৮ সালের ১৭ জানুয়ারি ঢাকা জেলা যুগ্ম জজ মামলাটি খারিজ করে দেন।স্থানীয় বাসিন্দারা প্রথম আলোকে জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এখানে হেরোইন, মদ, গাঁজা ও ফেনসিডিলের বাজার বসে। চলে জুয়ার আসর। বস্তিতে নেওয়া হয়েছে অবৈধ বিদ্যুৎ ও পানি সংযোগ। জালাল তালুকদার ও তাঁর সহযোগীরা এ বস্তি নিয়ন্ত্রণ করছেন। তাঁরা জানান, বর্তমানে নতুন বাড়িঘর করে কিউ বিদ্যুৎসংযোগ পায় না। অথচ বছরের পর বছর ধরে এ বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ চলছে।একাধিক বাসিন্দা বলেন, চিড়িয়াখানার জমি অবৈধ দখল করে জালাল তালুকদার প্রতি মাসে লাখ লাখ টাকা কামাচ্ছেন। বস্তিটি এলাকাবাসীর জন্য মারাত্মক হুমকি হয়ে আছে। এই বস্তি উচ্ছেদ হলে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।নাম প্রকাশে একজন বস্তিবাসী জানান, তিনি এক হাজার টাকায় ঘর ভাড়া নিয়েছেন। চারজন মিলে এই বস্তি নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রকদের নাম প্রকাশ করলে মারধর করা হয় জানিয়ে তিনি তাঁদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন। এলাকাবাসী জানায়, ২০০৮ সালের ১৫ মে উচ্ছেদের দিন ধার্য করে ১৪ মে বস্তিবাসীদের বস্তি ছেড়ে চলে যেতে দিনভর মাইকে ঘোষণা দেওয়ার পর বেশির ভাগ বাসিন্দা চলে যায়। উচ্ছেদ দীর্ঘায়িত হওয়ার সুযোগে বস্তিবাসীরা আবার ফিরে আসে। আবার জমে ওঠে মাদক ব্যবসা। গুদারাঘাট এলাকার লালমাঠ হিসেবে পরিচিত এই বস্তিতে অন্তত ৪০০ ঘর আছে। একেকটি ঘর এক হাজার থেকে দুই হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। মাসে ভাড়াই উঠে পাঁচ থেকে ছয় লাখ টাকা। এরপর আছে মাদক ব্যবসার আয়।সরেজমিন গিয়ে জানা গেছে, বস্তিটি নিয়ন্ত্রণ করছে শাহজাহান তালুকদার, জালাল তালুকদার ওরফে বাবুল, জহির খান ও বাবু। জালাল তালুকদার শাহ আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির এইচ ব্লকের সভাপতি ও মহানগর ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের আওয়ামী লীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে বাড়ি দখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা রয়েছে।জালাল তালুকদার প্রথম আলোকে বলেন, তিনি বস্তি নিয়ন্ত্রণ করেন না। বস্তির পাশে বেড়িবাঁধ এলাকায় খুচরা মাদক বিক্রি হলেও এই বস্তিতে মাদক ব্যবসা চলে না। তবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুলিশ মাদকের খোঁজে অভিযান চালিয়েছিল। তিনি দাবি করেন, নিয়ম না মেনে তাঁদের পৈত্রিক সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছিল। ওই জমির তাঁরা ক্ষতিপূরণও নেননি। এই জমির ওপর হাইকোর্টে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত হাউজিংয়ের পাশ ঘেঁষে গড়ে উঠেছে এই বস্তি। পথের মধ্যে আছে বেশ কিছু টংঘর। পথের একাংশ দখল করে রিকশার গ্যারেজ গড়ে তোলা হয়েছে। স্থানীয়রা জানান, এই গ্যারেজেই বসে গাঁজার আসর।যোগাযোগ করা হলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মাদকের আখড়া হিসেবে এই বস্তির পরিচিতি এখন আর নেই। তবে এখানে খুচরা মাদক বিক্রি হতে পারে। ওই বস্তিসহ চিহ্নিত এলাকায় মাদক উদ্ধারে পুলিশের অভিযান চলছে।চিড়িয়াখানার কিউরেটর শহীদউল্লাহ বলেন, চিড়িয়াখানার জমি জবরদখলকারীরা মামলায় হেরে যাওয়ার পর মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে বস্তি উচ্ছেদের আবেদন করা হয়। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ২০০৮ সালের ১৫ মে বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত হয় এবং ম্যাজিস্ট্রেটও নিয়োগ হয়। বুলডোজার ভাড়া করা হয়। কিন্তু পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বস্তি উচ্ছেদে সহযোগিতা করবে না বলে মত দিলে আর বস্তি উচ্ছেদ করা যায়নি।