চিড়িয়াখানায় বয়স্ক প্রাণীর বিশেষ তদারকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক হাতি ‘পবনতারা’র মারা যাওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে শতবর্ষী হাতি পবনতারার মৃত্যুতে গতকাল শুক্রবার থেকে চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা তিন দিনের শোক পালন শুরু করেছেন।সূত্র জানায়, বেশ কয়েক মাস আগেই চিড়িয়াখানায় ৪২টি বয়স্ক প্রাণীর একটি তালিকা তৈরি করা হয়েছে। আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া এসব প্রাণী যেকোনো সময় মরে যেতে পারে। সে কারণে এসব প্রাণীর সুষ্ঠু সংরক্ষণের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।তদন্ত কমিটি: হাতি মারা যাওয়ার ঘটনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন কেন্দ্রীয় রোগ গবেষণা প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রঞ্জিত কুমার পাল, কেন্দ্রীয় পশু হাসপাতালের (সিডিআই) ভেটেরিনারি কর্মকর্তা অরবিন্দ কুমার সাহা, প্রাণিবিশেষজ্ঞ এনায়েত হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জিল্লুর রহমান।প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, হাতিটি কেন মারা গেল এবং এ ক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কোনো অনিয়ম ছিল কি না, তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।হাতির নমুনা সিডিআইয়ে: প্রাথমিকভাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, আয়ুষ্কাল পেরিয়ে যাওয়ায় হাতিটির মৃত্যু হয়েছে। তার পরও হাতিটি কীভাবে মারা গেছে, সে বিষয়টি তদন্ত করতে কেন্দ্রীয় পশু হাসপাতালে নমুনা পাঠানো হয়েছে।কেন্দ্রীয় পশু হাসপাতালে পরীক্ষা শেষে ওই নমুনা মহাখালীর রাসায়নিক গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে। এসব পরীক্ষার প্রতিবেদন পেতে তিন-চার দিন লাগতে পারে।জানতে চাইলে ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহিদউল্লাহ জানান, বৃহস্পতিবারই হাতির নমুনা কেন্দ্রীয় পশু হাসপাতালে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, হাতিটি স্বাভাবিকভাবে মারা গেছে কি না।বয়স্ক ৪২টি প্রাণীকে বিশেষ তদারকি: চিড়িয়াখানার একাধিক সূত্র জানায়, তালিকাভুক্ত বয়স্ক প্রাণীর মধ্যে রয়েছে: হাতি, গন্ডার, জলহস্তী, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, শিম্পাঞ্জি, হায়েনা, ভালুক, ভোঁদড়। আরও আছে বিভিন্ন প্রজাতির বানর, কুমির, নীলগাই, বেবুন, বাগডাশ, ঘড়িয়াল, শঙ্খিনী, অজগর সাপ, উটপাখি, কেশোয়ারী, সারস, মদনটাক প্রভৃতি।জানা যায়, চিড়িয়াখানার কুসুমতারা হাতিটির বয়স ৬১ বছর। এটিও যেকোনো সময় মরে যেতে পারে। গন্ডারটি মারাত্মক অসুস্থ। তার অস্ত্রোপচারের প্রয়োজনীয় সরঞ্জাম চিড়িয়াখানা হাসপাতালে নেই। ভারতীয় সিংহ ভাস্কর ও শান্তি বয়সের ভারে ন্যুব্জ। বাঘ সম্রাট বয়সের ভারে ধুঁকছে। জলহস্তীটির শারীরিক অবস্থাও খুব করুণ। এসব প্রাণী যেকোনো সময় মরে যেতে পারে—এই আশঙ্কা খোদ কর্তৃপক্ষেরই। তালিকা করে বলা হয়েছিল, আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া এসব প্রাণী যেকোনো সময় মরে যেতে পারে। তখন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।তবে বৃহস্পতিবার বয়োবৃদ্ধ হাতি পবনতারা মারা যাওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এসব প্রাণীর সুষ্ঠু তদারক করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রাণীদের তদারকির নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার কিউরেটর।মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এই ৪২টি বয়স্ক প্রাণীকে ঠিকমতো খাওয়ানো এবং চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা করতে শিগগিরই চিড়িয়াখানায় বিশেষ বরাদ্দ দেওয়া হবে।’ঠেকানো যাচ্ছে না প্রাণীর মৃত্যু: জানা যায়, ২০০৯ সালে চিড়িয়াখানায় অন্তত ৩০টি প্রাণী মারা যায়। ওই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যেই মারা যায় ২২টি প্রাণী। ফেব্রুয়ারিতে রয়েল বেঙ্গল টাইগার, কুমির, জেব্রা ও সারস; মার্চে বেবুন, ওয়াইল্ড বিস্টি, টাপির; আগস্টে অ্যারাবিয়ান ঘোড়া, চিতাবাঘ; সেপ্টেম্বরে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ ও জিরাফ মারা যায়। তবে গত বছর কোনো হাতি মারা যায়নি।সূত্র জানায়, স্থানস্বল্পতার কারণে বয়স্ক প্রাণীগুলোকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। অসুস্থ প্রাণীর চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও চিড়িয়াখানা হাসপাতালে নেই। প্রাণীর নমুনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় পশু হাসপাতালে পাঠাতে হয়। সেই প্রতিবেদন এলে শুরু হয় চিকিৎসা। আর বেশির ভাগ চিকিৎসার সুযোগই নেই চিড়িয়াখানা হাসপাতালে। এ কারণেই প্রাণীর মৃত্যু ঠেকানো যাচ্ছে না।অবশ্য প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সম্প্রতি জানিয়েছেন, চিড়িয়াখানার আধুনিকায়নের জন্য ১১৫ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তা পাস হলে উন্নত পরীক্ষাগার স্থাপন করা যাবে।