বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। ডিপি ওয়ার্ল্ড নামের দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটির প্রস্তাব বিবেচনার অনুরোধ জানিয়েছে সে দেশের সরকার। এ নিয়ে আলোচনার জন্য দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শাইখা লুবনা আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত বছরের মাঝামাঝি ডিপি ওয়ার্ল্ডের পক্ষে সংযুক্ত আরব আমিরাত গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি মংলা সমুদ্রবন্দরের আধুনিকায়ন, চট্টগ্রামের নিউমুরিংয়ে কনটেইনার টার্মিনাল ও গাজীপুরে একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো নির্মাণের প্রস্তাব দেয়।এর আগে চীন ও যুক্তরাজ্য গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাব দেয়। তারও আগে জাপানের সহায়তায় গভীর সমুদ্রবন্দর নিয়ে একটি সমীক্ষা হয়েছিল। চীন ইতিমধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কায় দুটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে। এতে এ অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র ও ভারত। এ অবস্থায় মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাববলয় বিস্তৃত হবে বলে মনে করে দেশ দুটি। যুক্তরাষ্ট্র ও ভারতের এমন মনোভাবও আমলে নিতে হচ্ছে সরকারকে।দুবাইয়ের ডিপির প্রস্তাব: এ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য শাইখা লুবনার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল আজ আসছে। প্রতিনিধিদলে রয়েছেন ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান বিন আহমেদ সুলাইমান। প্রতিনিধিদলটি অর্থ, পররাষ্ট্র ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দলটি বিনিয়োগ বোর্ডের সঙ্গেও আলোচনা করবে। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ডিপির প্রস্তাব বিস্তারিত জানার পর এ সম্পর্কে বলা যাবে। কারণ, চীন ইতিমধ্যেই এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। দুই দেশের সর্বোচ্চ পর্যায়েও এ নিয়ে আলোচনা হয়েছে। কাজেই ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবটি বিস্তারিত জানার পর তা চীনের প্রস্তাবের সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নিতে হবে। গভীর সমুদ্রবন্দর নিয়ে ২৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে বৈঠকে চীন, দুবাই ও যুক্তরাজ্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিজেদের প্রস্তুতি কী, তা আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, এ বিষয়ে মন্ত্রণালয়গুলোর মধ্যে যে সমন্বয় নেই, তা বৈঠকে স্পষ্টভাবে ধরা পড়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় চীনের বিষয়ে তাদের আগ্রহ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দুবাইয়ের প্রস্তাবটি খতিয়ে দেখতে আগ্রহী। চীনের প্রস্তাব নিয়ে নানা মত: নৌপরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এর আগে জাপানের সহায়তায় গভীর সমুদ্রবন্দর নিয়ে যে সমীক্ষা হয়েছিল, তা ছিল শুধু বন্দরকেন্দ্রিক। গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে বাংলাদেশকে আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্রে পরিণত করতে হলে সড়ক, রেল ও নৌপথকে নিয়ে সমন্বিত যে অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন, তা ওই সমীক্ষায় স্থান পায়নি। গভীর সমুদ্রবন্দর নির্মাণের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত দিকও জড়িত।বেইজিংয়ে কর্মরত বাংলাদেশের একজন কূটনীতিক এই প্রতিবেদককে জানিয়েছেন, সম্প্রতি চীন তাদের প্রস্তাব নিয়ে ধীরে চলো নীতিতে হাঁটছে। কারণ, যুক্তরাজ্যের পর দুবাইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ায় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া দেখতে চায়। সেই সঙ্গে বেইজিং এ-ও বুঝতে চাইছে ওই প্রস্তাবগুলো তাদের জন্য কতটা প্রতিযোগিতামূলক। এসব দেখেই চীন চূড়ান্ত প্রস্তাব দেবে বলে ওই কূটনীতিক আভাস পেয়েছেন।ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জুন সম্প্রতি এই প্রতিবেদককে বলেন, ‘গভীর সমুদ্রবন্দর নির্মাণে অর্থায়নের জন্য আমরা তৈরি আছি। এটি দুই দেশের সরকারের মধ্যে হতে পারে। আবার এ প্রক্রিয়ায় বেসরকারি খাতকে যুক্ত করা যেতে পারে। কীভাবে এ প্রকল্প এগোবে, সেটি বাংলাদেশকেই ঠিক করতে হবে।’