ভবিষ্যতে বিল গেটসের মতো কোনো তথ্যপ্রযুক্তিবিদের জন্ম হবে এশিয়ার দুই অর্থনৈতিক শক্তি চীন অথবা ভারতে। এমনটাই মনে করেন ৪০ শতাংশ মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের কনজিউমার ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন (সিইএ) লাস ভেগাসে অনুষ্ঠিত এক তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর এক ফাঁকে এ জরিপটি চালানো হয়। এ জরিপে তাঁদের প্রশ্ন করা হয়েছিল, ‘বিল গেটসের মতো একজন তথ্যপ্রযুক্তিবিদ যদি আবার জন্মান, তাহলে তিনি কোন দেশ থেকে আসবেন?’ এ প্রশ্নে জবাবে বেশির ভাগ মার্কিনিই ভারত অথবা চীনের নাম বলেছে। মার্কিনিরা বিশ্বাস করে, বিশ্বের অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে বিল গেটসের মতো উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কারোর উঠে আসার সম্ভাবনা কম। বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাজেটের ঘাটতি দেশটির ভবিষ্যত্ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে জগবাই ইন্টারন্যাশনাল পরিচালিত এক জরিপে ৬৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করে, প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ভবিষ্যত্ সমৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, এই নতুন প্রযুক্তির উদ্ভাবন ভবিষ্যতের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে।বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দিনে দিনে বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতামূলক সুবিধা হারিয়ে ফেলছে। অন্যদিকে চীন, ভারত ও ব্রাজিলের মতো নতুন অর্থনৈতিক শক্তিগুলো এ সুবিধা বাড়িয়ে চলেছে। শতকরা ৭৪ জন মার্কিন নাগরিক আশঙ্কা প্রকাশ করেছে, আগামী বছরগুলোতে অর্থনৈতিক শক্তি হিসেবে তার মর্যাদা ধরে রাখতে পারবে কি না। বিশ্ব বাণিজ্যতে প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখতে হলে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন দরকার বলে মনে করেন ৪৪ শতাংশ মার্কিন নাগরিক। এর পাশাপাশি ৬০ শতাংশ মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার জন্য কেন্দ্রীয় বাজেট ঘাটতিকে দায়ী করেছে। এ বাজেট ঘাটতি ভবিষ্যত্ প্রজন্মের সমৃদ্ধিকেও বাধাগ্রস্ত করতে পারে। এ বাজেট ঘাটতি পূরণের জন্য মার্কিনিরা সামরিক খাতে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে।যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে ‘শঙ্কিত’ বোধ করছে বেশির ভাগ মার্কিন নাগরিক। গত বছরের ২০ ও ২৩ নভেম্বর ১৮ বছরের বেশি বয়সী মোট তিন হাজার ৭৭৯ জন মার্কিন নাগরিকের মধ্যে এ জরিপ পরিচালিত করে জগবাই ইন্টারন্যাশনাল নামের সংস্থাটি।