চীন ছাড়লেন চেন (ভিডিও)
চীনের ভিন্ন মতাবলম্বী চেন গুয়াংজেং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে চীন ছেড়েছেন। আজ শনিবার বিসিসি জানায়, তাঁকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের নিউজার্সির নেওয়ার্ক শহরে পৌঁছাবে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় তাঁকে ফেলোশিপ দিয়েছে।পায়ের আঘাত পাওয়ায় চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাঁকে বিমানবন্দরে নেওয়া হয়। দুই সন্তান ও স্ত্রী তাঁর সঙ্গে রয়েছেন। বিমানবন্দরেই তাঁর হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয় এবং তাঁকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা সিনহুয়া জানায়, চেন বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছিল।গৃহবন্দী থাকার পর গত মাসের ২২ তারিখে সেনডং প্রদেশ থেকে পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেন চেন। এর পর থেকেই তাঁকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন শুরু হয়। তবে চেনের বিষয়কে কেন্দ্র করে প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনায়ও করেছেন অনেকে।৪০ বছর বয়সী চেন ছোটবেলায় অন্ধ হয়ে যান। বড় হয়ে তিনি সমাজ পরিবর্তনের আন্দোলন শুরু করেন। চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত ‘এক-সন্তাননীতি’র সমালোচনা করেন তিনি। এতেই সরকার তাঁর প্রতি ক্ষুব্ধ হয়। পরে চেনের বিরুদ্ধে ট্রাফিক-ব্যবস্থায় বিপর্যয় ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগ আনা হয়। ২০০৬ সালে তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি মুক্তি পান ২০১০ সালে। কিন্তু ওই বছরের সেপ্টেম্বরেই তাঁকে গৃহবন্দী করা হয়।