চীন থেকে টেলিযোগাযোগ যন্ত্রপাতি আমদানি নিষিদ্ধ করেছে ভারত
ভারত চীন থেকে সব ধরনের টেলিকম যন্ত্রপাতি আমদানি নিষিদ্ধ করেছে। বেশ কয়েক দিন আগে থেকেই চীনে উত্পাদিত টেলিযোগাযোগ যন্ত্রপাতি ভারতে অঘোষিতভাবে নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দেশটির সরকারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বেশ কয়েকটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানকে চীন থেকে টেলিযোগাযোগ যন্ত্রপাতি আমদানি না করার নির্দেশ দিয়েছে। খবর এশিয়া নিউজ নেটওয়ার্কের।তবে ভারতের এক দায়িত্বশীল টেলিযোগাযোগ কর্মকর্তা অবশ্য ভারত সরকারের এ ধরনের নির্দেশনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ থেকে টেলিযোগাযোগ যন্ত্রপাতি আমদানির ব্যাপারে ভারত সরকারের নিষেধাজ্ঞা নেই। তবে যারা টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও সামগ্রী আমদানি করবে, তাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারটি মাথায় রাখতে হবে। দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে এশিয়া নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম কয়েকটি দেশ, বিশেষ করে চীন থেকে আমদানিকৃত টেলিকম যন্ত্রপাতি কারিগরি কারণে ভারতের জাতীয় গোয়েন্দা পর্যবেক্ষণে নানা রকম বিঘ্ন ঘটাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করার পরপরই ভারত সরকার চীনের টেলিযোগাযোগ যন্ত্রপাতির ব্যাপারে সাবধানতা অবলম্বন করে। এর আগে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অজুহাতে ভারত চীন থেকে আমদানিকৃত মোবাইল ফোনসেট ও প্লাস্টিক খেলনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। চীনের তৈরি মোবাইল ফোনসেটে ১৭ সংখ্যার আইইএমআই নম্বর না থাকাই ছিল এই নিষেধাজ্ঞার কারণ। ১৭ ডিজিটের আইইএমআই নম্বর না থাকলে, সেই সেট ব্যবহারকারী কোনো অপকর্ম করলে গোয়েন্দা ব্যক্তিদের পক্ষে সেই অপরাধীকে শনাক্তকরণ সম্ভব হয় না।ভারত চীনের দশম বৃহত্তম বাণিজ্য সহযোগী হলেও চীন ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী। এশিয়ার দুই বৃহত্ অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো হলেও চীনের টেলিযোগাযোগ যন্ত্রপাতি আমদানির ওপর নিষেধাজ্ঞা দেশ দুটির মধ্যে পারস্পরিক অবিশ্বাসেরই বহিঃপ্রকাশ হিসেবে মনে করছেন অনেকেই। এর পাশাপাশি ভারতে আইইএমআই নম্বর ছাড়া যেকোনো মোবাইল ফোনসেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে আইইএমআই নম্বরবিহীন সেট থেকে যেকোনো কল বন্ধ করে দেওয়ার। গত বছরের নভেম্বরে ভারত সরকার চীনে তৈরি প্লাস্টিকের খেলনা আমদানি ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। এর কারণ হিসেবে সরকার জানিয়েছিল, প্লাস্টিকের খেলনায় ক্ষতিকর ক্যাডমিয়াম ও লেড রয়েছে, যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে এর পেছনের আসল কারণটি হলো, চীনের সস্তা খেলনা ভারতের বাজার দখল করে ফেলছে বলে, ভারতীয় খেলনা উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর অব্যাহত অভিযোগের মুখে সরকার এ সিদ্ধান্ত নেয়। চীনের তৈরি প্লাস্টিকের খেলনা ভারতে উত্পাদিত খেলনার চেয়ে দামে কম হওয়ায় এটি ভারতের ২০০ কোটি ডলারের খেলনার বাজারের ৬০ থেকে ৯০ শতাংশ দখল করে ফেলছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। চীনের টেলিকম যন্ত্রপাতির ওপর ভারত সরকারের নিষেধাজ্ঞা সবচেয়ে ক্ষতির মুখে ফেলে দিতে পারে চীনের জেডটিই ও হুয়ায়ের মতো গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো। কারণ, এসব প্রতিষ্ঠান এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল টেলিযোগাযোগ বাজার ভারতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা ছিল এ প্রতিষ্ঠানগুলোর। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত সরকারের এ সিদ্ধান্তে অপেক্ষাকৃত দামি যন্ত্রপাতি উত্পাদনকারী ইউরোপীয় ও মার্কিন প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। তবে এতে ভারতীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাবে কয়েক গুণ।