চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে গুগল
বিশ্বের বৃহত্তম ‘সার্চ ইঞ্জিন’ গুগল যে চীন থেকে চলে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। কারণ, সেন্সরশিপ নিয়ে চীনা সরকারের সঙ্গে গুগলের আলাপ-আলোচনায় সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ফিন্যান্সিয়াল টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন থেকে গুগলের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার। আরও নির্দিষ্ট করে বলতে গেলে চলে যাওয়ার আশঙ্কা শতকরা ৯৯ ভাগ। গুগল তাদের নিজস্ব ওয়েবসাইটে কীভাবে চীন থেকে ব্যবসা গুটিয়ে চলে আসা যায় সে ব্যাপারে সবার কাছ থেকে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা আহ্বান করেছে। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, গুগলের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, চীন থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে চলে আসার ব্যাপারে খুব তাড়াতাড়িই একটি সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে সে ক্ষেত্রে একটু ধীরে চলার নীতি গ্রহণ করতে পারে গুগল। কারণ, চীনে তাদের কর্মীর সংখ্যা অনেক হওয়ায় প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে সেখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে আসবে। কারণ, হাজার হাজার কর্মীর রুটি-রুজির ব্যাপারটাও গুগল ভেবে দেখছে। চীনে ইন্টারনেট সেন্সরশিপের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের পরিপ্রেক্ষিতে শুক্রবার চীন সরকার গুগলের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ সাইবার আইন ভঙ্গের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। চীনে সব সময়ই সেন্সরের মাধ্যমে গুগলের সার্চ ইঞ্জিনকে ফিল্টার করা হয়। গুগল চীন সরকারের কাছ থেকে সেন্সর ও ফিল্টারবিহীন কার্যক্রমের নিশ্চয়তা চেয়েছে। এর অন্যথায় তারা চীন থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পাল্টা হুমকি দিয়েছে। এ ব্যাপারে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি-বিষয়কমন্ত্রী লি ইজহং বলেছেন, চীনে ব্যবসা করতে হলে কোনো প্রতিষ্ঠানকে দেশের আইনি কাঠামো অনুসরণ করতে হবে। গুগলের দাবি অনুযায়ী চীন প্রতিষ্ঠানটিকে ফিল্টারবিহীন কার্যক্রমের নিশ্চয়তা দেবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যদি কোনো প্রতিষ্ঠান চীনের আইন না মানে, তাহলে বুঝতে হবে যে তারা অবান্ধব ও দায়িত্বজ্ঞানহীন এবং তাদের এর মাসুল দিতে হবে।এর আগে গুগলের প্রধান নির্বাহী এরিক স্মিডিট বলেছিলেন, চীনা সরকার গুগলকে ফিল্টার ও সেন্সরবিহীন কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে একক সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানা গেছে। গুগল চীনে ব্যবসা করবে কি করবে না, তার সঙ্গে চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার জড়িত।