চীন পাকিস্তানের সত্যিকারের বন্ধু: ইউসুফ রাজা গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি চীনকে তাঁর দেশের সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেছেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মঙ্গলবার তিনি চীনের সাংহাই নগরে পৌঁছে এ কথা বলেন।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, পাকিস্তান-চীন কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ইউসুফ রাজা গিলানি এ সফরে এসেছেন। এর আগেও তিনি তিনবার চীন সফর করেছেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম চীন সফর।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ‘কঠিন সময়েও আমাদের পাশে থাকায় আমরা চীনের প্রশংসা করি। চীন আমাদের সত্যিকারের বন্ধু। চীনকে আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে পেয়ে আমরা গর্বিত। চীনও সব সময় তাদের পাশে পাকিস্তানকে পাবে।’মার্কিন বাহিনীর হাতে পাকিস্তানের অভ্যন্তরে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ইসলামাবাদ কূটনৈতিক সংকটে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বেইজিং পাকিস্তান সরকার ও জনগণের প্রতি তাদের সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করে। লাদেন হত্যা বিষয়ে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের টানাপোড়েনের এ সময়ে ইউসুফ রাজা গিলানির চীন সফরকে তাত্পর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যদিও গিলানির এ সফর আগে থেকেই নির্ধারিত ছিল।গিলানি সফরকালে চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এ উপলক্ষে চলতি বছরকে ‘চীন-পাকিস্তান বন্ধুত্ব বর্ষ’ হিসেবেও ঘোষণা করা হয়েছে।