চীন-ভারতের সঙ্গে সুসম্পর্কের ওপরই রাজনৈতিক অগ্রগতি
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের ভাগ্য-পরিবর্তনের জন্য বাংলাদেশের সঙ্গে এশিয়ার অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের যোগাযোগ বাড়ানো জরুরি। বর্তমানে ভারত ও চীন বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। আগামী দিনে তারা বিশ্বের সামরিক ও রাজনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। এ দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর সুসম্পর্কের ওপর বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নির্ভর করছে।আজ শনিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী চীনের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এই অনুষ্ঠানের আয়োজন করে। দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।সৈয়দ আশরাফ বলেন, চীন অদূর ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সড়ক ও নৌপথে যোগাযোগ বাড়াতে বিশেষভাবে আগ্রহী। চীনের কুনমিং থেকে এই সড়ক ও রেলযোগাযোগ স্থাপন দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পোত্পাদনে তুলনামূলক সুবিধার কারণে বাংলাদেশ অল্পদিনের মধ্যে চীনের সঙ্গে বিরাজমান বাণিজ্যঘাটতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে সৈয়দ আশরাফ আশা প্রকাশ করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিশ্বব্যাপী চলমান অস্থিরতা দূর করতে সংলাপ ও অংশগ্রহণের নীতি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। তিনি শান্তিপূর্ণ উন্নয়ন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও ভারসাম্যপূর্ণ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় চীনের ভূমিকার প্রশংসা করেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে হাজার বছরের ঐতিহাসিক সম্পর্ক দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীনকে বর্তমানে বিশ্বের রোলমডেল হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, চীনের সহায়তায় বাস্তবায়নাধীন শাহজালাল সার কারখানা, রাজধানীর পাগলায় পানি পরিশোধনাগার, থ্রিজি প্রযুক্তি চালুসহ বিভিন্ন প্রকল্প বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।চীনা রাষ্ট্রদূত বলেন, চীন সরকারের নতুন অর্থনৈতিক সংস্কারনীতির ফলে গত তিন দশকে প্রবৃদ্ধি শতকরা ১০ ভাগ হারে বেড়েছে। জনগণের মাথাপিছু আয় ১৯৭৮ সালের ১৪৯ মার্কিন ডলার থেকে বেড়ে ২০১১ সালে ৫ হাজার ৪৩১ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।বাংলাদেশের সঙ্গে চীন পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে লেনদেনের ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলেও তিনি উল্লে¬খ করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।