চীন ভিন্ন মতাবলম্বী লেখক ইউ জিকে জেলের ভয় দেখাচ্ছে
চীনের বিখ্যাত ভিন্ন মতাবলম্বী লেখক ইউ জিকে একটি বই প্রকাশ করতে নিষেধ করেছে পুলিশ। কারণ, বইটিতে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সমালোচনা করা হয়েছে।ইউ জি বলেন, গত সোমবার তাঁকে আটক করে একটি পুলিশ স্টেশনে টানা চার ঘণ্টা জেরা করা হয়। তিনি জানান, পুলিশ কর্মকর্তারা তাঁকে হুমকি দিয়ে বলেন, তিনি যদি তাঁর পরিকল্পনা অনুযায়ী বইটি প্রকাশ করেন তবে তাঁকে জেলে যেতে হবে।কিন্তু বেইজিংবাসী এই স্পষ্টবাদী লেখক বলেন, তিনি তাঁর পরিকল্পনা মোতাবেক এগিয়ে যাবেন এবং বইটি হংকংয়ে প্রকাশ করবেন। তিনি আরও বলেন, ‘এর ফলাফল যা-ই হোক, তা বহন করতেও আমি প্রস্তুত।’ রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা কীভাবে তাঁকে বোঝাতে চেষ্টা করেন যে ওয়েনের সমালোচনা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে, তার বর্ণনা দেন ইউ। তিনি বলেন, ‘তাঁরা বলেন, লিউ জিয়াবাওয়ের মতো আমাকেও কঠিন সাজা দেওয়া হতে পারে।’লিউ, আরেক ভিন্ন মতাবলম্বী লেখক। সরকারকে উৎখাত করার জন্য প্ররোচনা দেওয়ার দায়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন।ইউ চীনে স্বাধীন পিইএন (পোস্ট সেকেন্ডারি এডুকেশন নেটওয়ার্ক) কেন্দ্র প্রতিষ্ঠায় সাহায্য করেন। তিনি একজন খ্রিষ্টান আইনজীবীও বটে এবং প্রকাশ্যে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। তাঁর বইগুলো চীনের মূল ভূখণ্ডে নিষিদ্ধ।—বিবিসি অনলাইন