চীনকে সার্কের পূর্ণ সদস্য হিসেবে দেখতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) চীনকে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে দেখতে চায় বিএনপি। দলটি মনে করে, দক্ষিণ এশিয়ার উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সার্কে চীনের অন্তর্ভুক্তি জরুরি।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এসব কথা বলেন। বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।চীনা কমিউনিস্ট পার্টির উপপ্রধানমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান লিউ সি বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের সম্পর্কের কথা তুলে ধরেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সঙ্গে চীনের সুসম্পর্কের কথাও বলেন চীনা নেতা। লিউ সি সার্কে চীনের অন্তর্ভুক্তির ব্যাপারে বিএনপির আগ্রহকে স্বাগত জানান।প্রসঙ্গত, আজ মালদ্বীপের আদ্দুতে সার্কের ১৭তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। চীন বর্তমানে সার্কের পর্যবেক্ষক হিসেবে কাজ করছে।প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, বিএনপি এক চীননীতিতে বিশ্বাসী। তাই তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে চাই।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বৈঠকে বাংলাদেশের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, রেলওয়ে, জ্বালানি, খনিজ সম্পদ, বিদ্যুত্, পানিসম্পদ, প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতার প্রস্তাব দেন খালেদা জিয়া। এ ছাড়া তিনি ত্রিমাত্রিক ‘নৌশক্তি’ গড়ে তোলার ব্যাপারেও চীনের সহযোগিতা চেয়েছেন। ওই সব প্রস্তাব চীনা নেতা লিউ সি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, বিরোধীদলীয় নেতা মনে করেন, কুনমিং-ঢাকা আঞ্চলিক সড়ক নির্মাণের মাধ্যমে দক্ষিণ এশিয়া আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। খালেদা জিয়া বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ও উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছেন।চীনা কমিউনিস্ট পার্টির ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লিউ সি। ঢাকায় চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।