চীনজুড়ে বিয়ের ধুম
চীনজুড়ে গতকাল শুক্রবার ছিল বিয়ের উত্সব। মান্দারিন সমাজে এই দিনটি ছিল তাদের জন্য শুভযোগ। তাই ঘর বাঁধার শুভ কাজটি সেরে ফেলতে বিয়ের ধুম পড়ে যায় চীনা জুটিদের মধ্যে।চীনাদের কাছে সংখ্যাতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। সংখ্যা ধরে ভাগ্যে বিশ্বাস করার ঝোঁকও তাদের বেশি। মান্দারিন রীতিতে যে সংখ্যা বা যে তারিখ কোনো শুভযোগ নির্দেশ করে, সে দিকে তাদের তীক্ষ্ম নজর থাকে। ২০১৩ সালের ৪ জানুয়ারি, অর্থাত্ গতকাল শুক্রবার মান্দারিন লোকজনের ছিল দারুণ শুভ দিন।এই দিনটিকে ঘিরে তারা যে বুলি আওড়েছে, এর অর্থ করলে দাঁড়ায়—‘তোমাকে জীবনভর ভালোবেসে যাব’।রোমান্টিকতায় মোড়া এই তারিখটি কাল চীনারা উদযাপন করেছে বিয়ে উত্সবের মধ্য দিয়ে। তাদের কাছে এই দিনের তাত্পর্য হলো—যারা এই শুভক্ষণে বিয়ে করবে, সারা জীবন তাদের ভালোবাসা অটুট থাকবে।চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, কাল কেবল রাজধানী বেইজিংয়েই অন্তত ১০ হাজার জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হন। মানুষের বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশে খারাপ আবহাওয়ার মধ্যেও শুভ পরিণয় সেরে ফেলতে কার্পণ্য করেনি অনেক জুটি। গত ডিসেম্বরে ‘১২-১২-১২’ তারিখের শুভযোগ সামনে রেখে অনেক চীনা জুটি বিয়ের পিঁড়িতে বসেছে। চীনাদের কাছে সংখ্যাতত্ত্ব যে কতটা গুরুত্বপূর্ণ, তার সবচেয়ে বড় নিদর্শন ২০০৮ সালের বেইজিং অলিম্পিক। চীনের ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজন শুরুর তারিখ ছিল ২০০৮ সালের আগস্ট মাসের আট তারিখ (০৮-০৮-০৮)। ‘আট’ সংখ্যাটিও মান্দারিন ভাষায় সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বলে বিবেচিত। বিবিসি অনলাইন।