রেস্তোরাঁয় চেয়ার টেনে বসতেই চমক। চীনামাটির টি-পটে করে চা নিয়ে হাজির ওয়েটার। হাতল ছাড়া কাপে এক কাপ চা ঢেলে দিলেন তিনি। কিন্তু এ কেমন চা? চুমুক দিয়েই চমক লাগে! দুধ নেই, চিনি নেই। স্বাদটাও ঠিক চায়ের মতো নয়। গন্ধটা বরং আরও মিষ্টি। ওয়েটারের কাছে জানতে চাইলে তিনি স্মিত হেসে জবাব দিলেন, এটা জেসমিন টি।জেসমিন টি! তার মানে বেলি ফুলের চা! বোঝা গেল, গন্ধটা এমন চেনা চেনা লাগে কেন। চীন দেশে এই পানীয়টি নাকি খুবই জনপ্রিয়। বেলি ফুলের চা ক্ষুধা বাড়ায়। তা ছাড়া খাবার হজমেও সহায়তা করে। তাই যতক্ষণ পাতে খাবার না আসে, ততক্ষণ ওয়েটার এই চা ঢালতেই থাকেন পেয়ালায়।চীনা খাবারের খাঁটি রোস্তোরাঁ মেইনল্যান্ড চায়না উত্তরার ৩ নম্বর সেক্টরে সিয়াম টাওয়ারের ১৪ তলায়। পুরো রেস্তোরাঁর পরিধি গোল। মেঝেটা কাঠের। চারপাশে দেয়াল নেই, এর বদলে স্বচ্ছ-সুন্দর কাচ। কাচের বাইরে ঢাকা শহরের শান্ত-নিভৃত এক চেহারা। নিচে যতই অস্থিরতা, গোলমাল কি হট্টগোল হোক না কেন, ১৪ তলার ওপর থেকে ঢাকার এই রূপ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়।বেলি ফুলের চা কিংবা পাশের টেবিল থেকে ভেসে আসা সুস্বাদু খাবারের ঘ্রাণ, যাতেই হোক, পেটের ভেতর ক্ষুধাটা বেশ চাগিয়ে ওঠে। ১০৮টি পদের মেন্যু দেখে অর্ডার দিতে গিয়ে হিমশিম খেতে হয়। অ্যাপেটাইজার হিসেবে চিকেন অনথন, প্রন অনথন দিয়ে খাওয়া শুরু। অনথন মানে ময়দার দলার মধ্যে চিংড়ি অথবা মুরগির মাংসের কিমা পোরা থাকে। ওটা দুভাবেই পাওয়া যায়, সেদ্ধ আর ভাজা। খাওয়ার অভ্যাস না থাকলে সেদ্ধ অনথন না নেওয়াই ভালো। ধনেপাতা আর মুরগি বা প্রন দিয়ে দারুণ একটা স্যুপ তৈরি হয় এখানে। ধনেপাতার ঘরোয়া ঘ্রাণটা তো আছেই। এর সঙ্গে নানা রকম মসলা আর মুরগির আনাগোনা। খেতে বেশ লাগে। তারপর আসে ফ্রায়েড রাইস, চিলি সস দিয়ে রাঁধা মুরগি, মাশরুম দিয়ে খাসির মাংস আর প্যানে ভাজা মাছ।এত সব লোভনীয় খাবার নিয়ে এতক্ষণ ব্যস্ত থাকায় তো চারপাশটা দেখতে খেয়াল করেননি? এবার মাথাটা তুলে একটু দেখুন তো দেখি চার পাশটা। কি, চমকে গেছেন, তাই না? চমকানোরই কথা। যেখানে বসে খাওয়া শুরু করেছিলেন, সেখানে আর নেই আপনি। চলে এসেছেন অন্য প্রান্তে। ভাবছেন, এ কি জাদুমন্ত্র নাকি? আসলে এটি হচ্ছে ঢাকার প্রথম ঘূর্ণায়মান রেস্তোরাঁ। অর্থাৎ এই রেস্তোরাঁটি ক্রমাগত ঘুরতে থাকে। খুব আস্তে আস্তে ঘোরে বলে চট করে ধরা যায় না অবশ্য। যে জায়গা থেকে ঘোরা শুরু হয়, সেখানে ফিরে আসতে প্রায় এক ঘণ্টা লাগে।রেস্তোরাঁর ব্যবস্থাপক সত্যজিত দাশ জানালেন, এই রেস্তোরাঁ ভারতীয় রেস্টুরেন্ট চেইন মেইনল্যান্ড চায়নার প্রথম আন্তর্জাতিক শাখা। এটি নিয়ে মোট ৩৬টি মেইনল্যান্ড চায়না আছে। খাবারে খাঁটি চীনা স্বাদ ধরে রাখতে এই রেস্তোরাঁর মূল রাঁধুনিকে আনা হয়েছে চীন থেকে। খাবারের মান যাতে অক্ষুণ্ন্ন থাকে, তার জন্য উপাদানগুলো আনতে হয় বাইরে থেকে।যাঁরা একবার এখানে এসেছেন, তাঁরা বুঝে ফেলেছেন, এই খাঁটি চীনা খাবার খেতে হলে মেইনল্যান্ড চায়নার কোনো তুলনা হয় না। তবে রেস্তোরাঁটি যেমন বড় আর অভিজাত, খাবারের দামটিও কিন্তু তার সঙ্গে পাল্লা দেয়। তাই এখানে দুজন ভরপেট খেতে হলে অন্তত হাজার দেড়েক টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। অবশ্য খাবারের মান আর রেস্তোরাঁর মনোরম পরিবেশের কথা মাথায় রাখলে এটুকু খুব গায়ে মাখার মতো কিছু বলে মনে হবে না।