চীনা গণমাধ্যম ‘কুরুচিপূর্ণ’: চীনা সংস্কৃতিমন্ত্রী
চীনের সংস্কৃতিমন্ত্রী চাই উ দেশটির গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। গতকাল শুক্রবার তিনি বলেন, চীনে গণমাধ্যমের নির্মাতারা দর্শকদের জন্য যা তৈরি করেন, তা সবই কুরুচিপূর্ণ ও হালকা। এর পাশাপাশি তিনি তিনি বলেন, চীনে প্রকাশিত বিভিন্ন সাহিত্যও একই দোষে দুষ্ট। তিনি বলেন, চীনে যেসব বইপত্র প্রকাশিত হয়, সেগুলো উত্তেজনাপূর্ণ ও রগরগে। কেবল আর্থিক লাভের আশায় প্রকাশকেরা এমন সাহিত্য প্রকাশ করে যাচ্ছেন বলে তিনি মনে করেন।তিনি চীনের বিভিন্ন আঞ্চলিক সরকারের সমালোচনা করে বলেন, তারা মূলধারার সাংস্কৃতিক কার্যক্রমের পরিবর্তে ‘বাজে প্রকল্প’গুলোতে অর্থ অপচয় করে।চাই উ আরও বলেন, এ ব্যাপারগুলো চীনে মুক্তবাজার অর্থনীতির ব্যাপক প্রসারের কারণেই ঘটছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।তিনি প্রশ্ন তোলেন, ‘প্রতিবছর চীনে ৩০ হাজারেরও বেশি বই প্রকাশিত হয়। কিন্তু গুণে-মানে এসব বইয়ের কতগুলো আমাদের অতীতের সমৃদ্ধ সাহিত্যের সঙ্গে তুলনা করা যায়? এ ছাড়া প্রতিবছর ৪০০ চলচ্চিত্র এবং ১০০-র মতো টেলিভিশন নাটক তৈরি হয়। কিন্তু এগুলোর মধ্যে কয়টি শিল্পমান সম্পন্ন?’ চাই আরও বলেন, বর্তমান বিশ্বে একটি দেশের সংস্কৃতি ও অর্থনীতির সম্পর্ক অবিচ্ছেদ্য। দেশের অর্থনৈতিক উন্নয়ন চাইলে একটি দেশের সরকারকে অবশ্যই সে দেশের মৌলিক সংস্কৃতির ওপর গুরুত্ব দিতে হবে।গত জুনে চীনের গণমাধ্যমবিশেষজ্ঞরা দেশটির গণমাধ্যমের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেন। চীনের অনুষ্ঠান নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা চকটদার অনুষ্ঠান নির্মাণে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ।