চীনা নৌবাহিনীতে প্রথম বিমানবাহী তরী
চীনের নৌবাহিনীর কাছে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিমানবাহী প্রথম রণতরী লিয়াওনিং হস্তান্তর করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়ে আশা প্রকাশ করেছে, এটি চীনের জলসীমায় নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় রাখার ক্ষেত্রে সহায়ক হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে আজ এ কথা জানানো হয়েছে। দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, সে সময় দেশটির নৌবাহিনীতে এ রণতরী সংযোজনের কথা ঘোষণা করা হলো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, বিমানবাহী রণতরী সংযোজনের ফলে চীনের নৌবাহিনীর সার্বিক আধুনিকায়নের মান উন্নত হবে। তবে রণতরীটি কবে থেকে কাজ শুরু করবে, তা জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, লিয়াওনিং নামের রণতরীটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নস্বার্থ রক্ষায় কার্যকর সহায়তা করবে। চীনের উত্তর-পূর্ব প্রদেশের নামে রাখা এই রণতরী সম্ভবত শুধু প্রশিক্ষণের জন্য ব্যবহূত হবে।