চীনা নৌবাহিনীর চিকিত্সা জাহাজের বাংলাদেশে আগমন
রিয়ার এডমিরাল বাও ইয়োপিংয়ের নেতৃত্বে চীনের পিএলএ নৌবাহিনীর হসপিটাল শিপ ‘পিস আর্ক’ বাংলাদেশে সাত দিনের শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুভেচ্ছা সফর উপলক্ষে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম ফরিদ হাবিব ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জাহাজটিতে ২২১ জন কর্মকর্তাসহ সর্বমোট ৪৫০ জন সদস্য রয়েছেন। বাংলাদেশে অবস্থানকালীন সফরকারী জাহাজটি সামরিক ও বেসামরিক ব্যক্তি এবং স্থানীয় জনসাধারণকে চিকিত্সাসেবা দেবে। চীনা নৌপ্রতিনিধিদলের সদস্যরা নৌ সদর দপ্তরে নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। চীনের নৌজাহাজের সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গার নেভাল একাডেমি পরিদর্শনসহ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সঙ্গে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতায়ও অংশ নেবেন। এ ছাড়াও সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা চট্টগ্রামে নৌপরিবার কল্যাণ সংঘ কর্তৃক পরিচালিত ‘আশার আলো’ নামের প্রতিবন্ধী পুনর্বাসনকেন্দ্র ও নৌবাহিনীর হাসপাতাল বানৌজা পতেঙ্গা পরিদর্শন করবেন।উল্লেখ্য, অত্যাধুনিক চিকিত্সা সুবিধা-সংবলিত ‘পিস আর্ক’ জাহাজটি গণপ্রজাতন্ত্রী চীন সরকারের একটি আধুনিক সামরিক চিকিত্সা জাহাজ। চীন এবং বাংলাদেশের মধ্যকার অব্যাহত সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ৩৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীন সরকার সুসম্পর্কের নিদর্শনস্বরূপ জাহাজটিকে বাংলাদেশে পাঠিয়েছে। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনী তথা দুই দেশের মধ্যকার সার্বিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সফর শেষে ১৫ নভেম্বর জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে। —বাসস