চীনা ভাষার দিকে ঝুঁকছে পাকিস্তানিরা
ত্রিশ বছর আগে পাকিস্তানের মিজবা রশিদের চীনা ভাষা শেখার স্কুলে শিক্ষার্থী ছিলেন হাতে গোনা। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। এখন দুই শতাধিক পাকিস্তানি শিক্ষার্থী চীনা ভাষা শিখছেন। চীনা প্রতিষ্ঠানে চাকরি এবং সে দেশে উচ্চশিক্ষা নেওয়ার লক্ষ্যে চীনা ভাষার প্রতি পাকিস্তানি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ছে। গতকাল শুক্রবার পাকিস্তানের ‘দ্য নিউজ’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কয়েক দশক ধরে পাকিস্তানের ধনী পরিবারের সদস্যরাই শুধু উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতেন। সে ক্ষেত্রে ইউরোপ ও আমেরিকার দেশগুলো ছিল তাঁদের পছন্দ। কিন্তু মিজবা রশিদের শিক্ষার্থীরা মধ্যবিত্ত। পাকিস্তানের বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে একটা ভালো চাকরি কিংবা উচ্চশিক্ষার জন্য চীন যাওয়াই তাঁদের লক্ষ্য। চীন প্রতিবছর ৫০০ শিক্ষার্থীকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃত্তি দেয়। চীনে একটি কোর্স শেষ করতে বছরে মাত্র কয়েক হাজার ডলার খরচ পড়ে। অথচ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার ডলার খরচ পড়ে। মধ্যবিত্ত পাকিস্তানিদের পক্ষে এত খরচ বহন করে ইউরোপ ও আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণ প্রায় অসম্ভব। তাই এ ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দ চীন। এ কারণে ইসলামাবাদের জাতীয় আধুনিক ভাষা বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডারিন ভাষা শিক্ষা কোর্সে পাকিস্তানি শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলছে। স্বল্প খরচের পাশাপাশি চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও কিছু সুবিধা আছে। এ প্রসঙ্গে ১৮ বছর বয়সী আলী রাফি বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশে পাকিস্তানিদের খুব একটা ভালো চোখে দেখা হয় না। কিন্তু চীনে পাকিস্তানি শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করা হয়। পাকিস্তানি শিক্ষার্থীদের নেতিবাচক দৃষ্টিতে দেখে না প্রতিবেশী দেশ চীন।’