চীনা ভিন্ন মতাবলম্বীর ৯ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ শুক্রবার চেন উই নামের এক ভিন্ন মতাবলম্বীকে অনলাইনে গণতন্ত্রপন্থী প্রবন্ধ প্রকাশের দায়ে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।চেনের আইনজীবী জেং জিয়ানউই জানান, সিচুয়ান প্রদেশের সুইনিং শহরের ওই আদালত চেনকে ‘রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে নাশকতামূলক উসকানি’ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে। তাঁর স্ত্রী ওয়াং চিয়াওইয়ানও স্বামীর নয় বছরের জেল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।আইনজীবী জিয়ানউই টেলিফোনে বলেন, ‘চেন আদালতকে বলেছেন, তিনি নির্দোষ। রায় ঘোষণার পর চেন বলেন, দেশে একনায়কতন্ত্রের অবসান এবং সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’চেনের স্ত্রী ওয়াং জানান, আদালত চেনকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে বিদেশে চীন ওয়েবসাইটে প্রকাশিত নয়টি প্রবন্ধের কথা উল্লেখ করেন। ওয়াং টেলিফোনে বলেন, ‘তারা সব প্রবন্ধ বিদেশে থেকে ডাউনলোড করে। চীনের ভেতরে ওই সব প্রবন্ধ পড়া সম্ভব নয়।’চেনের আরেক আইনজীবী লিয়াং চিয়াওজুন বলেন, শুনানি মাত্র আড়াই ঘণ্টা স্থায়ী হয়। তিনি বলেন, ‘চেন অপরাধী নয়। প্রবন্ধগুলোতে তিনি সরকারকে ক্ষমতা থেকে উত্খাতের কথা বোঝাননি। তিনি অহিংস উপায়ে সাংবিধানিক গণতন্ত্রের কথা বলেছেন।’ রয়টার্স।