চীনে আইপ্যাডের জন্য কিডনি বিক্রি!
আইপ্যাড-২ কেনার জন্য চার হাজার ডলারের বিনিময়ে অবলীলায় নিজের কিডনি বিক্রি করেছে চীনের এক কিশোর। ১৭ বছরের ওই বালকের নাম লিটল ঝেং। স্থানীয় একটি টিভি স্টেশনকে সে জানিয়েছে, মাকে লুকিয়ে ইন্টারনেটে চুপি চুপি বিজ্ঞাপন দিয়ে সে নিজের কিডনি বিক্রির আয়োজন করেছিল।ইন্টারনেট ব্যবহার করে কালোবাজারে অঙ্গ-ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ হয় ঝেংয়ের। এভাবে অবৈধ অঙ্গ-ব্যবসায়ীদের কাছে নিজের কিডনিটি বিক্রি করে দেয় কিশোর ঝেং। কিডনি বিক্রির উদ্দেশ্য ছিল একটাই—একটি আইপ্যাড-২ কেনা।ঝেংয়ের মা যখন আইপ্যাড এবং ছেলের শরীরে অস্ত্রোপচারের দাগ দেখতে পেলেন, তখনই তাঁর সন্দেহ হয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। মায়ের জেরার মুখে অবশেষে ঝেং স্বীকার করে যে সে কালোবাজারে কিডনি বিক্রি করেছে। আর সেটা করেছে আইপ্যাড-২ কেনার জন্যই।চীনের হাসপাতালগুলোয় অবৈধ অঙ্গ-ব্যবসায়ীদের একটি চক্র গড়ে উঠেছে। তারা গোপনে হাসপাতালে অস্ত্রোপচার করে বিক্রেতার কাছ থেকে প্রায় চার হাজার ডলারের বিনিময়ে কিডনিগুলো সংগ্রহ করে। এভাবে চীনে কিডনিসহ বিভিন্ন অঙ্গ বিক্রির কালোবাজার গড়ে উঠেছে। বিবিসি।