চীনে কুঠারের আঘাতে ৪ জন নিহত
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে আজ বুধবার এক ব্যক্তি কুঠার দিয়ে চারজনকে হত্যা করেছে। এর মধ্যে শিশুও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। গনগি শহরে ওই ঘটনাস্থল থেকে সরকারের একজন মুখপাত্র জানান, গুরুতর আহত হয়েছে শিশুসহ দুজন।সিনহুয়া জানায়, ৩০ বছর বয়সী ওই হামলাকারী ওয়াং হংবিনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তবে এ ব্যাপারে আর বিস্তারিত জানা যায়নি।গত মাসে সাংহাইয়ে একটি শিশুযত্ন কেন্দ্রে এক কর্মীর ছুরিকাঘাতে আট শিশু গুরুতর আহত হয়। ২০১০ সালের মার্চে নিনপিং শহরে জেং মিনসেং নামের এক চিকিত্সক ছুরি দিয়ে আট শিশুকে হত্যা করে। এর এক মাস পরে তাঁকে ফাঁসি দেওয়া হয়।এর দুই মাস পর হেনঝং শহরে একটি কিন্ডারগার্টেন স্কুলে সাত শিশুসহ নয়জনকে কুপিয়ে হত্যা করে এক হামলাকারী। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন।