চীনে কয়লা খনিতে বন্যা: আটকে আছেন ১২৩ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংজি প্রদেশের ওয়াংজিয়ালিং কয়লা খনির একটি নির্মাণাধীন পিট গতকাল রোববার ভূগর্ভস্থ পানিতে ডুবে গেলে ১২৩ জন শ্রমিক আটকে পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকর্মীরা এখনো তাঁদের খোঁজ করছেন।বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূগর্ভস্থ পানি তোড়ে বেরিয়ে আসতে শুরু করলে ওই পিটে কর্মরত শ্রমিকদের মধ্যে ১৩৮ জন বেরিয়ে আসতে পারলেও বাকিরা সেখানে আটকা পড়েন।শিয়ানজিন কাউন্টি ও হেজিন শহরের ১৮০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে খনিটি অবস্থিত। সিনহুয়া জানায়, ওই খনি এলাকায় ২.৩ বিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে, যার মধ্যে ১.০৪ বিলিয়ন টন কয়লার মজুদ পরীক্ষিত। চীনের সরকারি হুয়াজিন কোকিং কোল কোম্পানির অধিভুক্ত এ খনিটি চালু হলে তা থেকে বছরে ৬ মিলিয়ন টন কয়লা উত্তোলন করার কথা। প্রাদেশিক সরকার এ কয়লা খনি প্রকল্পটি অনুমোদন করে। জ্বালানির তীব্র চাহিদার পাশাপাশি শিথিল নিরাপত্তা ব্যবস্থা চীনের কয়লা খনিগুলোকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খনিতে পরিণত করেছে। সরকারি হিসাব অনুযায়ী ২০০৮ সালে কয়লা খনি ধসে মৃত্যের সংখ্যা ছিল ৩,২১৫; যা ২০০৯ সালে ২,৬৩১-তে নেমে আসে। —রয়টার্স