চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৯
চীনের সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া শহরের জিয়াওজিওয়ান কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ১৯ জন শ্রমিক নিহত হয়েছেন। খনির গর্তে আটকা পড়েছেন আরও ২৮ জন। খনিতে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারে তত্পরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পানঝিহুয়া শহরের কর্মকর্তারা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে। এ সময় ১৫০ জন শ্রমিক খনির তলদেশে ছিলেন।বিবিসির খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত খনি থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়। তাঁদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় নিহত ১৬ জন খনিশ্রমিকের লাশ তাঁদের পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়েছে। অপর তিনজন হাসপাতালে মারা গেছেন। শহর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের শিকার খনিটি জেংজিন শিল্প ও বাণিজ্য করপোরেশনের মালিকানায়। পুলিশ ওই কোম্পানির কর্মকর্তাদের সহায়তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।