চীনে খনি বিস্ফোরণে নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে শেংচেং কয়লাখনিতে বিস্ফোরণটি ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে দ্য ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।দ্য ডনের খবরে বলা হয়, গ্যাসের বিস্ফোরণের সময় খনিতে ৬৬ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর ৪৯ জন শ্রমিক নিরাপদে বের হতে সক্ষম হলেও ১৭ জন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। চীন বিশ্বের সবচেয়ে বেশি কয়লা ব্যবহার করে থাকে। কিন্তু দুর্বল নিয়মনীতি, দুর্নীতি ও অকার্যকর ব্যবস্থার কারণে দেশটির কয়লাখনিগুলো সবচেয়ে বিপজ্জনক হিসেবেও স্বীকৃত।খনিতে দুর্ঘটনা চীনে নিত্যনৈমিত্তিক ঘটনা। কারণ, খনির মালিকেরা শ্রমিকদের নিরাপত্তার দিকে নজর না দিয়ে দ্রুত লাভবান হওয়ায় বেশি মনোযোগী থাকেন।সরকারি তথ্যমতে, ২০১১ সালে চীনে খনি দুর্ঘটনায় ১ হাজার ৯৭৩ জন নিহত হন। এ সংখ্যা ২০১০ সালের তুলনায় ১৯ শতাংশ কম।শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সংগঠনগুলো জানিয়েছে, খনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। খনির মালিকেরা আর্থিক ক্ষতি কমানো ও শাস্তি এড়ানোর জন্য এ সংখ্যা কমিয়ে বলেন।গত মাসের শেষের দিকে গুইঝাউ প্রদেশের একটি খনিতে এ ধরনের গ্যাস বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছিলেন।