চীনে ছয় দশকে সবচেয়ে ভারী বর্ষণ, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ে গতকাল শনিবার গত ছয় দশকের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। শহরের প্রধান বিমানবন্দরে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৮০ হাজার মানুষ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে আজ রোববার রয়টার্স এ খবর জানিয়েছে।চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গতকাল বিকেলে বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। গভীর রাত পর্যন্ত একটানা বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলো ডুবে যায়। আন্ডারপাসগুলোর মধ্যে বয়ে যায় পানির প্রবাহ। শহরে গড়ে ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বেইজিংয়ের পশ্চিমে ফ্যাংশান জেলার শহরতলিতে প্রায় ৪৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।কর্মকর্তারা জানান, বেইজিংয়ের শহরতলি তংঝৌ এলাকায় প্রবল বৃষ্টির তোড়ে ছাদ ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে মারা গেছে আরও এক ব্যক্তি। বাকিরা পানিতে ডুবে এবং বৈদ্যুতিক তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে।ভারী বর্ষণের কারণে বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বেইজিং নিউজের খবরে বলা হয়েছে।