চীনে ছয় নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে পরে আত্মহত্যা করলেন এক যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীনে এক ব্যক্তি মাংস কাটার চাপাতি হাতে আক্রমণ চালিয়ে ছয় নারীকে জখম করার পর একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে আহতদের কেউই মারা যাননি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল সোমবার এ সংবাদ জানায়। এটি ছিল সম্প্রতি চীনে এ ধরনের আক্রমণের সর্বশেষ ঘটনা, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। গত রোববার দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ফোশান শহরের এক জনাকীর্ণ বাজারে এ ঘটনা ঘটে। আহতদের পাঁচজনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে, যাঁদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আক্রমণকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। যুবকটি একটি তিনতলা বাড়িতে ঢুকে বেছে বেছে নারীদের, বিশেষ করে যুবতীদের, ঘাড়, কাঁধ ও বুকে চাপাতি দিয়ে আঘাত করে সিঁড়ি বেয়ে ছাদের দিকে পালিয়ে যায়। আতঙ্কিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই লোকটি ভবনটির ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মার্চ মাস থেকে চীনের স্কুলগুলোয় চালানো এ ধরনের বেশ কয়েকটি হামলায় এ পর্যন্ত মোট ২৭ জন নিহত ও ৮০ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।