চীনে জ্বালানি তেলের চাহিদা নজিরবিহীন বেড়েছে
বিশ্বের অন্যতম বৃহত্ অর্থনীতি চীনের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা ২০১০ সালের জানুয়ারি মাসে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধির হারকে বিস্ময়কর ও নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। তারা জানিয়েছে, একটি বড় অর্থনীতি হওয়ায় দেশটির শিল্প খাতে প্রতিদিন বিনিয়োগ হওয়ার কারণে জ্বালানি চাহিদা বেড়ে গেছে। এর পাশাপাশি চীনের জনসংখ্যা বিপুল হওয়াটাও এই চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ। উদীয়মান অর্থনৈতিক সম্ভাবনার কারণে ২০১০ সালে জ্বালানি খাতের সবচেয়ে বড় প্রবৃদ্ধি আসবে এশিয়ার বিভিন্ন দেশ থেকে। একই সময়ে উন্নত বিশ্বে জ্বালানি চাহিদা কমবে শতকরা দশমিক শূন্য তিন শতাংশ। আইইএর পূর্বাভাসে বলা হয়েছে, ২০১০ সালে বিশ্বে জ্বালানি চাহিদা বাড়বে এক দশমিক আট শতাংশ। প্রতিদিন এ চাহিদা বেড়ে দাঁড়াবে ৮৬ দশমিক ছয় মিলিয়ন ব্যারেল। এদিকে আজ রোববার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৮৩ ডলারে দাঁড়ায়, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। তবে পরে তা কমে ৮০ ডলারে নেমে আসে।বিশ্বে জ্বালানি তেল উত্পাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেলের উত্পাদন গত ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছিল দুই কোটি ৯২ লাখ ব্যারেল।ফেব্রুয়ারি মাসে তেল উত্পাদনকারী দেশগুলোর মধ্যে ইরাক প্রতিদিনই বাড়তি এক লাখ ১৫ হাজার ব্যারেল অতিরিক্ত তেল উত্পাদন করেছে। এদিকে বিশ্বের তেল উত্পাদকারী দেশগুলোর সংগঠন ওপেক ১৭ মার্চ এক বৈঠকে মিলিত হবে। বর্তমানের বাড়তি তেল উত্পাদনের লক্ষ্যমাত্রা ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যয় ঘোষিত হতে পারে ওপেকের এ বৈঠক থেকে।