চীনে তিন দশকের সর্বনিম্ন তাপমাত্রা
চীনের তাপমাত্রা গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তীব্র ঠান্ডায় দেশটির উপকূলীয় এলাকার পানি জমে বরফ হয়ে গেছে। এ কারণে প্রায় এক হাজার জাহাজ বরফে আটকা পড়েছে বলে দেশটির সরকারি গণমাধ্যমে বলা হয়েছে। আজ শনিবার চীনের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, গত নভেম্বর থেকে দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৩ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস নিচে, যা গত ২৮ বছরের তুলনায় ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম। রয়টার্সের খবরে বলা হয়, তীব্র ঠান্ডায় শানদং প্রদেশে লাইজো উপসাগরের উপকূলীয় এলাকায় বরফ জমে গেছে। প্রদেশের পূর্বাঞ্চলীয় উপকূলের বরফে প্রায় এক হাজার জাহাজ আটকা পড়েছে।ইয়ানতাই মেরিন এনভায়রনমেন্ট মনিটরিং সেন্টারের প্রধান আবহাওয়াবিদ ঝেং দং বলেন, চলতি সপ্তাহে লাইজো উপসাগরের প্রায় ২৯১ বর্গকিলোমিটার এলাকা বরফে ঢাকা পড়েছে। এ কারণে পুরো দেশের যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।‘দ্য চায়না ডেইলি’র খবরে বলা হয়, তীব্র তুষারপাতের কারণে হুনান প্রদেশের সরকারি বিমানবন্দরের ১৪০টির বেশি বিমানের ফ্লাইট চালু করতে বিলম্ব হচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় ৪৩ বছরের মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে ওই অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে, যা ৪৩ বছর আগের রেকর্ডের তুলনায় প্রায় ৩ দশমিক ৭ ডিগ্রি কম।