চীনে নতুন করে বন্যায় ৩৬ জন নিহত
চীনের গানসু প্রদেশে মুষলধারে বৃষ্টিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৩৬ জন নিহত এবং নিখোঁজ রয়েছে ২৩ জন।সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গতকাল সোমবার ঝুকু কাউন্টির কাছে লংনান শহরে বন্যায় এই মৃত্যুর ঘটনা ঘটে। ৮ আগস্ট ওই কাউন্টিতে প্রবল বর্ষণের ফলে ভূমিধসে অন্তত এক হাজার ২৫৪ জন মারা গেছে। সরকারি সূত্র জানায়, ওই ঘটনায় এখনো ৪৯০ জন নিখোঁজ রয়েছে।চলতি মাসের ১১ তারিখ থেকেই লংনান শহরসহ বিভিন্ন কাউন্টিতে প্রবল বৃষ্টি ও ভূমিধসের ঘটনা ঘটেছে বলে সিনহুয়া জানায়।সিনহুয়া আরও জানায়, এবার বন্যায় ২৯৫ জন আহত হয়েছে। ছয় হাজারের বেশি ঘরবাড়ি ধসে গেছে। বন্যায় বিদ্যুত্ব্যবস্থাসহ যোগাযোগব্যবস্থাও ভেঙে পড়েছে।ঝুকু কাউন্টিতে উদ্ধারকর্মীরা বুলডোজার ও ক্রেন দিয়ে মাটি সরিয়ে নিখোঁজ লোকজনের সন্ধান করছেন, তবে বৃষ্টির কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় আজ আট সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।চীনে প্রতিবছর বন্যা হলেও এবার তা মারাত্মক আকার ধারণ করেছে।