চীনে নতুন নেতৃত্ব
প্রায় এক দশক পর গত নভেম্বরে হয়ে গেল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) সম্মেলন। এতে দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। এই নেতারাই ভবিষ্যতে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ চীনকে দিকনির্দেশনা দেবেন। নতুন বছরের মার্চে দায়িত্ব নেবেন তাঁরা।সম্মেলনে সিপিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং। তিনিই মার্চে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। সিপিসির উপপ্রধান নির্বাচিত হয়েছেন লে কেকিয়াং। মার্চে প্রধানমন্ত্রীর দায়িত্বভার যাবে তাঁর কাঁধে। এ ছাড়া সিপিসির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেয়েছেন ঝাং ডেজিয়াং, ইউ ঝেং শেং, লিউ ইউনসান, ঝাং গাওলি ও ওয়াং কিসান। এঁরা সবাই চীনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পাবেন।সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে চীনকে। বলা হচ্ছিল, সিপিসিকে আর কোনো সম্মেলনের আগে এত বেশি চাপের মুখোমুখি হতে হয়নি। দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক সংস্কারের চাপ, পূর্ব চীন সাগরে দ্বীপের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে বিরোধ, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুদ্বন্দ্বসহ আরও কিছু চাপের মধ্যে এই সম্মেলন হয়। চীনের নতুন নেতৃত্বকে দায়িত্ব নিয়েই এসব চাপের মুখোমুখি হতে হবে।সিপিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর জিনপিং তাঁর প্রথম ভাষণে নানামুখী চ্যালেঞ্জের কথা স্বীকারও করেন। সম্মেলনে অবশ্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা দলীয় প্রতিনিধিরা সংস্কারের পক্ষে মত দিয়েছেন। এ জন্য দলের গঠনতন্ত্রেও পরিবর্তন আনা হয়েছে। নেতারা সংস্কারের জন্য বিজ্ঞানভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় বিজ্ঞানের সঙ্গে মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও জে দংয়ের আদর্শ ও ডেং শিয়াওপিংয়ের তত্ত্বের সংমিশ্রণ ঘটানো হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগে দেশকে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে নেতাদের দৃঢ় মানসিকতার বিষয়টি ফুটে উঠেছে। তবে এই সংস্কারই হবে নতুন নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এবার যাঁরা নেতৃত্বে এসেছেন, তাঁরা রক্ষণশীল নেতা বলে পরিচিত। তাই রক্ষণশীল নেতারা সংস্কারে কতটা আগ্রহী হবেন, সেটাও ভাবনার বিষয়। গত কয়েক বছরে চীনের জনগণের মধ্যে নানা কারণে হতাশা নেমে এসেছে। খাদ্যঘাটতি, ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য, পরিবেশ বিপর্যয়, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সামাজিক নিরাপত্তাহীনতাই এই হতাশার কারণ। বিশ্লেষকেরা বলছেন, এ কারণেই হয়তো দেশের বিভিন্ন স্থান থেকে আসা দলীয় প্রতিনিধিরা সংস্কারের পক্ষে মত দিয়েছেন। চীনের নতুন নেতৃত্বকে সংস্কারের জন্য প্রথমে জনগণের কথা ভাবতে হবে। জনগণ কী চায়, তা বিবেচনা করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, চীনের নতুন নেতৃত্বকে তাদের চলমান অর্থনৈতিক মডেলও সংস্কার করতে হবে। চীনে বিপ্লবের পর কয়েক বছরে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে আসে। তবে এখন সেই মডেল পরিবর্তনের সময় এসেছে। আন্তর্জাতিক চ্যালেঞ্জের কথা বিবেচনা করলে এই মুহূর্তে পূর্ব চীন সাগরে দ্বীপের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে বিরোধের বিষয়টিই সবার আগে চলে আসে।শুধু জাপানের সঙ্গে নয়; ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাইসহ বেশ কয়েকটি দেশের সঙ্গেই সমুদ্রসীমা নিয়ে চীনের বিরোধ চলছে। এদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। ওবামা তাঁর প্রথম মেয়াদের শেষ দিকে পররাষ্ট্রনীতিতে এশিয়াকে প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার তিনি তা কার্যকর করার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এশিয়ায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়লে তা এক অর্থে চীনের প্রভাব কমে যাওয়াকেই নির্দেশ করবে। তাই যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর কৌশলের বিপরীতে চীন তার প্রভাব বজায় রাখতে কী করবে, তা-ও বিবেচনা করতে হবে নতুন নেতৃত্বকে।সব মিলিয়ে চীনের নতুন নেতৃত্ব দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়। মাহফুজার রহমান