চীনে নারী মানবাধিকার কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াং লিহং নামের এক নারী মানবাধিকার কর্মীকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। ইন্টারনেটে সরকারবিরোধী প্রচারণার দায়ে উত্তর-পশ্চিম বেইজিংয়ের স্থানীয় একটি আদালত আজ শুক্রবার তাঁকে এ দণ্ড দেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১০ সালে চীনের ফুজিয়ান প্রদেশে সরকারি এক কর্মকর্তার বিরোধিতা করার অভিযোগে তিন মানবাধিকার কর্মীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। ওই সময় ওয়াং আদালতের বাইরে এই বিচারের প্রতিবাদে বিক্ষোভ করেন। চলতি বছরের মার্চে তাঁকে আটক করা হয়।৫৫ বছর বয়সী ওয়াং একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী ও সরকারি কর্মচারী।আজ প্রাথমিক শুনানির সময় ওয়াংয়ের সমর্থকেরা বলেন, তিনি সরকারের দমন-পীড়ন নীতির শিকার। বিচারকালে আদালতের বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।ওয়াংয়ের আইনজীবী লিউ জিয়াওয়ান বলেন, কারাদণ্ডের এ সময়সীমাটি তুলনামূলক কম। কেননা, এ ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তার পরও এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আর যদি তিনি আপিলে হেরেও যান তাহলে তাঁকে ডিসেম্বর পর্যন্ত কারাগারে থাকতে হবে। কারণ, তিনি মার্চে আটক হওয়ার পর ইতিমধ্যে ছয় মাস কেটে গেছে।ওয়াংয়ের ছেলে কিউই জিনানজিয়ান সাংবাদিকদের বলেন, ‘আমার মা তাঁর নিজের জন্য নয়, বরং অন্যের অধিকারের জন্য প্রচারণা চালিয়েছিলেন। আর এখন তাঁকে জেলে পাঠানো হচ্ছে। এটা তাঁর জন্য বেশি শাস্তি হয়ে গেছে। এর আগে তিনি কখনো শাস্তি পাননি।’ আদালতের বাইরে ওয়াংয়ের সমর্থকেরা এ শাস্তি বাতিলের দাবি জানান। ইউরোপীয় কূটনীতিকেরা বলেন, তাঁদের আদালতের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মী এ রায়কে ‘হতাশাজনক’ উল্লেখ করলেও এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি।