চীনে নেতৃত্ব বদলের কংগ্রেস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতৃত্বের পালাবদলের লক্ষ্য নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস। প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই কংগ্রেস। এতে কমিউনিস্ট পার্টির প্রায় দুই হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন। আজ রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।প্রচলিত নিয়ম অনুযায়ী, ১০ বছর পর পর নেতৃত্ব বদলের লক্ষ্য নিয়ে চীনা কমিউনিস্ট পার্টি এ ধরনের কংগ্রেসের আয়োজন করে থাকে।ক্ষমতাসীন দলের নেতৃত্ব হস্তান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কংগ্রেসে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট হু জিনতাও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নে পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। এটি চীনের জন্য কঠিন এক চ্যালেঞ্জ বলেও তিনি মন্তব্য করেন।কমিউনিস্ট পার্টির এই কংগ্রেস সামনে রেখে বেইজিংয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও গৃহবন্দী করে রাখার মতো ঘটনাও ঘটছে বলে খবরে জানানো হয়।ভাষণে হু বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে বিস্তৃত। লক্ষ্য অর্জনে আমাদের করতে হবে কঠোর পরিশ্রম। একই সঙ্গে সমাজে ঐক্য-শৃঙ্খলা বজায় রেখে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে হবে।’ তিনি আরও বলেন, চীনের উন্নয়ন হতে হবে আরও টেকসই ও ভারসাম্যপূর্ণ। এ মুহূর্তে দেশটির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি যে বিরাট এক চ্যালেঞ্জ, নিজের বক্তৃতায় তাও উল্লেখ করেন তিনি। নেতৃত্বে থাকা ব্যক্তিদের চিন্তা ও কর্মে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।কংগ্রেস সম্পর্কে গতকাল বুধবার কমিউনিস্ট পার্টির মুখপাত্র চাই মিনাগজাও রয়টার্সকে বলেন, চলমান এই কংগ্রেস অত্যন্ত গুরুত্ব বহন করছে। এটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন চীন একটি আধুনিক ও উন্নত সমাজব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীনের রাষ্ট্রীয় পত্রিকা ‘চায়না ডেইলি’র খবরে বলা হয়, কংগ্রেসে কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে অবশ্যই দুর্নীতির মতো বিতর্কিত বিষয়গুলোতে মনোযোগী হতে হবে।সম্প্রতি কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা বো শিলাই ও তাঁর স্ত্রী গু কাইলাইয়ের বিভিন্ন কেলেঙ্কারির ঘটনা চীনজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরেও বো শিলাই ও তাঁর স্ত্রীর কেলেঙ্কারি নিয়ে চলছে ব্যাপক আত্ম-সমালোচনা ও বিতর্ক। কিছুদিন আগে একজন ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার দায়ে বো শিলাইয়ের স্ত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বো শিলাইয়ের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির বিভিন্ন কানাঘুষা। কমিউনিস্ট পার্টির কংগ্রেস নিঃসন্দেহে নেতৃত্বের এ ধরনের কেলেঙ্কারির বিতর্কে সরব হয়ে উঠবে। কমিউনিস্ট পার্টির মুখপাত্র স্বীকার করেছেন, এবারের কংগ্রেসে ক্রম-বিস্তৃত দুর্নীতি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার এজেন্ডা।এই কংগ্রেসে কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে একটি কেন্দ্রীয় কমিটি নির্বাচন করবেন। পরে এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে গঠিত হবে রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ, যা স্ট্যান্ডিং কমিটি অব দ্য পলিটব্যুরো বলে পরিচিত। বর্তমানে এই পরিষদ নয় সদস্যবিশিষ্ট। জানা গেছে, এই কংগ্রেসের শেষে সেই পরিষদ থেকে প্রেসিডেন্ট হু জিনতাও, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ সাতজন পদত্যাগ করবেন। আশা করা হচ্ছে, পরিষদে থেকে যাওয়া শি জিনপিং ও লি কেকিয়াং হবেন যথাক্রমে কমিউনিস্ট পার্টির নেতা ও উপনেতা। শি জিনপিং আগামী বছরের মার্চে চীনের প্রেসিডেন্ট হিসেবে হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হবেন।