চীনে পয়োনিষ্কাশনের পাইপ থেকে নবজাতক উদ্ধার
চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশের একটি আবাসিক এলাকার পয়োনিষ্কাশনের পাইপ থেকে গতকাল সোমবার পরিত্যক্ত এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস। এই বিশেষ দিনটির আগে এমন ঘটনা সামাজিক গণমাধ্যমে তীব্র নিন্দা ও কঠোর সমালোচনার জন্ম দিয়েছে।গতকাল সোমবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, গত শনিবার বিকেলে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, পয়োনিষ্কাশনের পাইপটি শৌচাগারের কমোডের নিচেই যুক্ত ছিল। এ ঘটনায় সামাজিক গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।খবরে বলা হয়, জিনহু আবাসিক এলাকার একটি পয়োনিষ্কাশনের পাইপ থেকে শিশুর কান্না শুনতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পাইপটি কমোড থেকে আলাদা করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকেরা সতর্কতার সঙ্গে পাইপ থেকে শিশুটিকে বের করেন। তার অবস্থা অপরিবর্তিত আছে। শিশুটির মা-বাবার খোঁজ করছে পুলিশ।শিশুটির মা-বাবার কঠোর শাস্তি দাবি করা হচ্ছে। চীনে প্রায়ই সদ্যোজাত পরিত্যক্ত শিশু উদ্ধারের ঘটনা ঘটে। চীনা সমাজে অপ্রত্যাশিত সন্তান জন্মদানের বিষয়টিকে ভালোভাবে নেওয়া হয় না।