চীনে প্রবল বৃষ্টিপাতসৃষ্ট দুর্যোগে ৫০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীনে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫০ জন নিহত হয়েছে। বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় শনিবার রাতে জানায়, এই দুর্যোগে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৫ জন।মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ মাসের শুরু থেকে অবিরাম বৃষ্টিপাতে নয়টি প্রদেশের এক কোটি সাত লাখেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমবেশি ৪২ হাজার বসতবাড়ি ধসে পড়েছে, আরও এক লাখ ২১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ ধ্বংস অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক এক মূল্যায়ন অনুযায়ী এই বৃষ্টিতে ক্ষতির পরিমাণ প্রায় ৮৯০ কোটি ইউয়ান (১৩০ কোটি ডলার)।নিহতদের মধ্যে রয়েছেন চারজন খনি শ্রমিক। প্রবল বর্ষণে গুইঝৌ প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাঁদের খনির বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বায়ু চলাচলের যন্ত্রপাতি অচল হয়ে যায়। এর পরপরই এক গ্যাস বিস্ফোরণে তাঁরা প্রাণ হারান।গ্রীষ্মের শুরুতে এই বৃষ্টিপাত থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। গত মাসে প্রবল বৃষ্টিপাতের কারণে চীনে প্রায় ৪০০ লোক নিহত হয়। তার ওপর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ সপ্তাহের শুরুতেই কয়েকটি গুরুতর ক্ষতিগ্রস্ত এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যাবে। চীনের দীর্ঘতম নদী ইয়াংসির সঙ্গে এসে মিশেছে এমন অনেক নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং পৌর এলাকায় নদীর পানি বিপদসীমার প্রায় ১০ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।