চীনে বন্যা ও ভূমি ধসে ৬৯ জন নিহত, নিখোঁজ ৪৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে গত এক সপ্তাহে অন্তত ৬৯ জন নিহত হয়েছে এবং ৪৪ জন নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে রয়টার্স আজ শনিবার এ তথ্য জানায়।সিনহুয়া আরও জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যায় চীনের দক্ষিণাঞ্চলে ফসলের জমি ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর পাশাপাশি বন্যায় এবং পরিবহন ও টেলিযোগাযোগব্যবস্থা মূলত ভেঙে পড়েছে। সরকারি উদ্যোগে ইতিমধ্যে বন্যাকবলিত এলাকা থেকে অন্তত চার লাখ ৯৩ হাজার অধিবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।এ ভারী বর্ষণ ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে—ফুজিয়ান প্রদেশ, জিয়াংঝি ও গুয়াংক্সি প্রদেশের স্বায়ত্তশাসিত এলাকা। সরকারি হিসাবমতে এই দুর্যোগে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানিয়েছে প্রায় ৬৫০ কোটি ইউয়ান (৯৫ কোটি ২০ লাখ ডলার)।