চীনে বন্যা: আটকা পড়েছে ৩০০ জন, ১২ হাজার নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং পৌর এলাকায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় তিন শতাধিক লোক আটকা পড়েছে। এ ছাড়া বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ১২ হাজার ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া আজ রোববার এ তথ্য জানায়।টংনান কাউন্টির সরকার বলেছে, গতকাল শনিবার রাত ১০টা থেকে চোংকান, তাইআন ও বাইজি শহরসহ বেশ কয়েকটি গ্রাম বন্যাকবলিত হয়। বন্যায় যোগাযোগব্যবস্থা ও সড়ক ধ্বংস হয়ে যাওয়ায় চোংকান শহরের সঙ্গে বাইরের কোনো যোগাযোগ নেই। টোংনান কাউন্টির সরকার আরও জানায়, সেখানে বন্যায় কমপক্ষে ৬০০ লোক আটকা পড়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।টোংনান কাউন্টির সরকার জানায়, গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে চার ঘণ্টার মধ্যে ওই কাউন্টিতে কিওংজিয়াং নদীর পানির উচ্চতা পাঁচ দশমিক আট মিটার বেড়ে যায়। চোংকিং পৌর এলাকার বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত চোংকান শহরে ৯৬ মিলিমিটার ও বাইজি শহরে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।বন্যায় শুধু টোংনান কাউন্টিতে ১২৮টি বাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত ২০ লাখ মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।টোংনান কাউন্টির সরকার উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও আর্মড পুলিশসহ প্রয়োজনীয় লোকজন পাঠিয়েছে। তাঁরা আজ ভোর তিনটা পর্যন্ত আটকা পড়া ২৫০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন।স্থানীয় সময় বেলা ১১টায় এ প্রতিবেদন জমা দেওয়ার সময় পর্যন্ত উদ্ধার তৎপরতা ও স্থানান্তর কার্যক্রম অব্যাহত ছিল।—সিনহুয়া