চীনে বন্যায় ১১১ জন নিহত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাংকচি প্রদেশে গত ১১ দিনের বন্যায় কমপক্ষে ১১১ জন নিহত হয়েছে। এতে প্রায় ১৬৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া আজ সোমবার জানিয়েছে, গত ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত অতিবর্ষণে হানজিয়াং ও এর শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় সাংকচি প্রদেশের অংকাং, হাসঝং, শাংলৌ শহরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে জানা যায়, সাম্প্রতিক এই বন্যায় চীনে অন্তত ৪২ লাখ ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এ ছাড়া সাত লাখ তিন হাজার মানুষকে বন্যাদুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর অংকাং। সেখানে নিহত হয়েছে ৬৩ জন। এই শহরে নিখোঁজ রয়েছে ১১৯ জন। বন্যায় বিভিন্ন ধরনের শারীরিক আঘাতের শিকার হয়েছেন দুই হাজার ৮২৪ জন। এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৯৫৬ কোটি ইউয়ান। রয়টার্স।