চীনে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে ১ম মৃত্যু
চীনের দক্ষিণাঞ্চলে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। সরকার এ কথা নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ১৮ মাসের ব্যবধানে দেশটিতে নতুন করে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিল।চীন সরকারের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, দুটি মৃত পাখির শরীরে এইচ৫এন১ অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস পাওয়া যায়। এর পরপরই হংকংয়ে হাজার হাজার পাখি নিধনের নির্দেশ দেওয়া হয়।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, শরীরের বিভিন্ন অংশ অকার্যকর হয়ে পড়ায় মারা গেছেন গুয়াডং প্রদেশের শেনঝেনের ৩৯ বছর বয়সী ওই বাসচালক। ফুসফুসে প্রদাহ বেড়ে যাওয়ায় গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করার পর তাঁর শরীরে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যায়। তিনি গত কয়েক মাস শেনঝেনে থাকাকালে প্রায় ১২০ জনের সঙ্গে মেলামেশা করেন—এমন খবরের পর সেখানে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়ে।