চীনে বার্ড ফ্লুর সংক্রমণে কমপক্ষে ২ জনের মৃত্যু
চীনের সাংহাইয়ে বার্ড ফ্লু প্রজাতির ভাইরাসের সংক্রমণে কমপক্ষে দুই ব্যক্তি মারা গেছেন। চীনের কর্মকর্তারা আজ রোববার বলেছেন, কীভাবে ভাইরাসটি ওই দুজনের শরীরে সংক্রমিত হলো, তা পরিষ্কার নয়। তবে এতটুকু নিশ্চিত, কোনো মানুষের দেহ থেকে তা সংক্রমিত হয়নি।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ‘দ্য ডন’ জানায়, চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, তৃতীয় এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু প্রজাতির এইচ৭এন৯ নামের বিরল ভাইরাসটি পাওয়া গেছে। সাংহাইয়ের পাশের প্রদেশ আনহুইয়ের ওই নারীর অবস্থা এখন গুরুতর।কমিশন বলছে, আক্রান্ত তিন ব্যক্তি নিজেরা একে অপরের সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছেন, এমন কোনো নজির নেই। আবার সংক্রমণের শিকার হওয়ার ঠিক আগে তাঁরা যে মোট ৮৮ জনের কাছাকাছি গিয়েছিলেন, তাঁদের দেহেও বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া যায়নি। এইচএন ভাইরাস দলের (বার্ড ফ্লু) এইচ৭এন৯ জাতের এ ভাইরাসটি মানবদেহে খুব কমই সংক্রমিত হয়। এ পর্যন্ত এইচএন দলের এইচ৫এন১ ভাইরাসটির আক্রমণে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কমিশন জানায়, সাংহাইয়ে মৃত দুজনের একজনের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ১৯ ফেব্রুয়ারি আক্রান্ত হয়ে ২৭ ফেব্রুয়ারি মারা যান। আরেক জনের বয়স হয়েছিল ২৭ বছর। তিনি ২৭ ফেব্রুয়ারি সংক্রমণের শিকার হয়ে ৪ মার্চ মৃত্যুবরণ করেন। আনহুই প্রদেশের চুঝৌ শহরের ৩৫ বছর বয়সী নারীটি ৯ মার্চে আক্রান্ত হন। এখন তিনি চিকিত্সাধীন।চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, ওই তিনজনের প্রত্যেকের দেহে এইচ৭এন৯ ভাইরাসটি পাওয়া গেছে। গত বছরের সেপ্টেম্বরে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক সভায় খামার মালিকেরা জানিয়েছিলেন, বার্ড ফ্লুর সংক্রমণে ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশের পোলট্রি-শিল্পের প্রায় আট হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ভাইরাসটির আক্রমণে বাংলাদেশে এখনো কেউ প্রাণ হারান নি।